গোলাম সরোয়ার লিটন
হাওরের রূপ বৈচিত্র দেখতে টাংগুয়ায় এসেছেন ফ্রান্সের নাগরিক এ্যারোয়ান। এজন্য ঢাকা থেকে রাতে রওয়ানা হয়ে সকাল ৮ টায় তাহিরপুর উপজেলা সদর বাজারে পৌঁছেন তিনি। এখান থেকেই নৌকা করে রামসার সাইট ঘোষিত টাংগুয়ার হাওরে ঘুরতে যাবেন। কিন্তু নৌকায় ওঠার আগে প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি শৌচাগার খুঁজছিলেন তিনি। সঙ্গে থাকা গাইড উপজেলা সদর বাজার ও উপজেলা পরিষদ এলাকা ঘুরে কোথায়ও একটি গণশৌচাগার খুঁজে পাননি। পরে একজন ব্যবসায়ীর সহযোগিতায় দোকানের নিজস্ব টয়লেট ব্যবহার করেন।
টাংগুয়ার হাওর দেখতে আসা দেশী বিদেশী পর্যটকরা উপজেলা সদরে এবটি গণশৌচাগারের অভাবে প্রতিদিনই এ ধরনের সমস্যায় ভুগছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক নাগরিকরা এজন্য বেশী দুর্ভোগে পড়েন।
জানা যায়, টাংগুয়ার হাওর দেখতে প্রতি বছর দেশি বেদেশী পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। গত বছরের ২০ আগষ্ট সুরমা নদীর ওপর নির্মিত আব্দুজ জহুর সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়কপথে সরাসরি যোগাযোগ চালু হয়। এতে করে টাংগুয়ার হাওরে পর্যটকদের সংখ্যা আরও বেড়েছে। উপজেলার সদর সহ টাংগুয়ার হাওর এলাকায় দেশি বিদেশী পর্যটকদের থাকা খাওয়ার সুবিধা খুবই সীমিত। তবে পর্যটকরা সবচেয়ে বেশী অসহায় অবস্থায় পড়েন শৌচাগার ব্যবহারের সুবিধা না থাকায়। পর্যটক ও স্থানীয় সচেতন এলাকাবাসী এজন্য উপজেলা সদরসহ টাংগুয়ার হাওর সংলগ্ন কয়েকটি স্থানে গণশৌচাগার স্থাপনের দাবী জানিয়েছেন ।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শেখর রায় বলেন, তাহিরপুর উপজেলা সদর ও টাংগুয়ার হাওরের আশপাশে অন্তত তিনটি গণশৌচাগার থাকলে দেশি বেদেশী পর্যটকরা উপকৃত হবেন। যেহেতু একটি নির্ধারিত টাকা পরিশোধ করে সবাই এ শৌচাগার ব্যবহার করবেন তাই এটি রক্ষণাবেক্ষণে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘তাহিরপুর উপজেলা সদরে শীঘ্রই একটি গণশৌচাগার নির্মাণের সিন্ধান্ত হয়েছে। এখানে সবধরনের সুবিধা থাকবে।’


