শ্রদ্ধাঞ্জলি.. সুরেশ চন্দ্র দাস.. অকুতভয় বীরের প্রস্থান ও ব্যক্তিগত আক্ষেপ

মাহবুবুল হাছান শাহীন
১.
একজন সুরেশ চন্দ্র দাস। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অকুতভয় বীর। ১৯৬৯’ এর গণঅভ্যুত্থানের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন অ্যাড. সুরেশ দাস। ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বর্বরোচিত গণহত্যা চালিয়ে কয়েক’শ ছাত্র শিক্ষক কর্মচারীকে নির্মম ভাবে হত্যা করে। ঐ হত্যাকা- থেকে যে কয়েকজন ভাগ্যবান বেঁচে গিয়েছিলেন সুনামগঞ্জের প্রখ্যাত আইনজীবী সুরেশ চন্দ্র দাস তাঁদের একজন। ৭১ এর উত্তাল মার্চে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জগন্নাথ হল শাখার সভাপতি এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন সুরেশ চন্দ্র দাশ। সেই সুবাদে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল তাঁর। ২৩ মার্চ ছিল পূর্ব বাংলার প্রতিরোধ ও শোক দিবস। ঢাকার অবস্থা ক্রমশ: উত্তপ্ত হয়ে উঠেছিল। ২৫ মার্চ রাত ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, মুহসীন হলসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘেরাও করে পরিকল্পিত ভাবে আক্রমণ করে ও গণহত্যা চালায়। সুরেশ চন্দ্র দাশ ও সত্যরঞ্জন দাশ জগন্নাথ হল উত্তরবাড়ীর দ্বিতীয় তলার ১৫২ নম্বর রুমে থাকতেন। মধ্যরাতে পাকিস্তানী সৈন্যরা চারপাশ থেকে জগন্নাথ হলে মেশিনগানের গুলিবর্ষণ করতে থাকে। দক্ষিণ দিকে বাথরুমের লোহার রডের সিঁড়ি দিয়ে ছাদে উঠেন সুরেশ দাশ। ছাদের উপরে গিয়ে পান আরো কয়েকজন সহপাঠিকে। ওখানে তাদের তিনজনকে লাইন করিয়ে গুলি করে পাক বাহিনী। গুলি খেয়ে অন্য সকলে মারা গেলেও সৌভাগ্য ক্রমে বেঁচে যান সুরেশ দাশ। সুরেশ দাশ পাক বাহিনীর নির্মমতায় ড. জি.সি দেব, ড. মনিরুজ্জামান, মধুদা সহ অনেকের মুত্যু দেখেছেন কাছ থেকে এবং তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে কি নৃশংস ভাবে গণকবর দেয়া হয়েছে তাও প্রত্যক্ষ করেছেন তিনি। জগন্নাথ হলে আহত হওয়ার পরেও তিনি নিজ এলাকায় এসে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। দিরাই-শাল্লা এলাকায় প্রখ্যাত সাংবাদিক সালেহ চৌধুরী, সুরেশ চন্দ্র দাস, নজরুল ইসলাম এবং সুরঞ্জিত সেনগুপ্ত মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন। তাদের নেতৃত্বেই দিরাই এবং শাল্লা থানার সকল অস্ত্র বের করে মুক্তিযুদ্ধে      
ব্যবহার করা হয়। ভারতের লাওভা ইয়ত ক্যাম্পে রাজনৈতিক মটিভেটর হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন।
২.
দেশ স্বাধীনতা লাভ করল। নাড়ীর টানে সুরেশ কাকা ফিরে এলেন নিজ শহরে। পল্লী শহর হিসেবে পরিচিত সুনামগঞ্জে কাটিয়ে দিলেন নিজের সারাটা জীবন। ছাত্র জীবনের রাজনৈতিক সহকর্মীদের অনেকেই দেশ পরিচালনায় ব্যস্ত থাকলেও তার এই নাড়ির টানে ফিরে আসা আমাদেরকে গর্বিত করে। অনেকের লেখায় যখন বারবার কথাগুলো পড়তে হয় এমনিতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সাংবাদিক উজ্জ্বল মেহেদীর কন্ঠেই বলতে হয় ‘বিরল জীবন’।
৩.
প্রায়ই আমার সঙ্গে বিকেল বেলায় দেখা হতো। বাবার কলিগ হিসেবে কাকা বলেই সম্বোধন করতাম। বাবা এবং সুরেশ কাকা প্রায় একই সময়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। বিকেল বেলা হাঁটতে বেরোতেন। দেখা হলেই বলতাম, ‘আদাব কাকা’। তিনি কিন্তু আদাব নিয়েই চলে যেতেন না, দাঁড়িয়ে বলতেন, ‘ভালো আছো তো’।
৪.
জন্ম হলেই মৃত্যু অমোঘ নিয়তি। সুস্থ থাকা অথবা অসুস্থ, জন্মের দিনই কর্মের লেখা নির্দিষ্ট। একজন বিরল মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছেন। কিন্তু তাঁর বিদায় অনেকের মনেই আক্ষেপের জন্ম দিয়েছে। সারা শহর যখন নিরবে অশ্রু ফেলেছে, তখন তাঁর প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি কি আরেকটু শ্রদ্ধা পেতে পারতেন না ? জীবনের শেষ বেলায়ও জয় বাংলার টানে একা একাই ছুটে যেতে চেয়েছিলেন ২০ তম জাতীয় সম্মেলনে। ভাটী বাংলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে আমি আশা করেছিলাম নেতৃবৃন্দ শুধু শোক জানিয়েই দায়িত্ব সারবেন না। আওয়ামী লীগ থেকে তাৎক্ষণিকভাবে জেলাব্যাপী একদিনের শোক পালনের ঘোষণা আসবে ও আওয়ামী লীগের নেতৃত্বে সার্বজনীন শোক র‌্যালি বের হবে।
৫.
একজন সুরেশ চন্দ্র দাসের চলে যাওয়া মানে, তাঁর কর্মের পরিসমাপ্তি নয়। আমাদের প্রজন্ম যেহেতু তাঁকে চলার পথে সব সময় সাদামাটা জীবন যাপন করতে দেখেছে, আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মকে তাঁর আদর্শে উজ্জীবিত করার মন্ত্র শেখানো। তিনি তাঁর কর্মে উজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর কন্ঠেই আমাদের বলতে হবে, ‘জয় বাংলা’।
লেখক: আইনজীবী ও আইন সম্পাদক পৌর আওয়ামী লীগ, সুনামগঞ্জ।