স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিষদের ৬ জন ইউপি সদস্য জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
বুধবার বিকালে চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে পৃথক দু’টি অভিযোগ
করেছেন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান ছুটন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সারোয়ার ডালিম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল আহমদ ও সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যা বিউটি রানী তালুকদার।
ইউপি সদস্যগণ লিখিত অভিযোগে উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় বিবিজি, ইউপিজিপি খাতের ১০টি প্রকল্পে ১২ লাখ ৩০ হাজার ৮৬ হাজার টাকার কাজ পরিষদের সদস্যদের সাথে আলোচনা না করে নিজস্ব ঠিকাদারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়া ২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে। টিআর, কাবিখা প্রকল্পে পরিষদের কোন রেজুলেশন করা হয়নি। ইউপি সদস্যদের না জানিয়ে চেয়ারম্যান মনগড়া সিদ্ধান্তে প্রকল্প দাখিল করে কাজ করেন।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সারোয়ার ডালিম বলেন,‘চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার এলাকার উন্নয়ন প্রকল্প নিয়ে আমাদের সাথে কোন কথাই বলেননি। নিজের মনগড়া প্রকল্প দাখিল করেন। অনেক উন্নয়ন প্রকল্পের কোন কাজ না করেই অর্থ আত্মসাৎ করেছেন।’
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ম মোতাবেক করা করা হচ্ছে। সভায় রেজুলেশনের মাধ্যমে প্রকল্প বাছাই ও সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে।’
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর বলেন,‘ অভিযোগের কাগজটি আমার হাতে পৌঁছেনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ’


