শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নানা আয়োজনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৬ তম আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। সোমবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
সকাল ১০ টায় সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটি ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সৌজন্যে শতাধিক ভক্তদের মধ্যে শাড়ী ও শীতবস্ত্র এবং বিবেকানন্দ ফিলনথ্রপিক সেন্টার নিউইয়র্ক এর সৌজন্যে শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গা মন্দির প্রাঙ্গণে এসব স্কুল ব্যাগ ও বস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশের সঞ্চালনায় অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী লালন, ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, অলক দত্ত, কল্যাণ ব্রত দাস, স্বপন দাস, দয়ানন্দ রায়, রাজু রায়, রজত ভূষণ রায়, কার্তিক রায় প্রমুখ। পরে সন্ধ্যায় দেশ ও মানব জাতির কল্যাণে প্রার্থণা ও সন্ধ্যা আরতি করা হয়।