শ্রীশ্রী অদ্বৈত জন্মধামের সীমানা নির্ধারণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী অদ্বৈত জন্মধামের ৫৪.৬৪ একর জায়গার সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন হয়েছে। রবিবার তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি সীমানা নির্ধারণ করে মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেন।
এ ব্যাপারে ২০১৬ সালের ১ নভেম্বর শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল জেলা প্রশাসক বরাবরে সীমানা নির্ধারণ করে দেয়ার আবেদন জানিয়েছিলেন। জেলা প্রশাসনের পক্ষে ২০১৬ সালের ২০ নভেম্বর ডেপুটি রেভিনিউ কালেক্টর  সীমানা নির্ধারণের জন্য তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার শ্রীশ্রী অদ্বৈত জন্মধামের ৫৪.৬৪ একর জায়গা মন্দির পরিচালনা কমিটিকে বুঝিয়ে দেয়া হয়।
এদিকে ভূমি সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন হওয়ায় অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, অফিসার ইন চার্জ নন্দন কান্দি ধর সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।