শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন মধ্যনগরের বজলু মিয়া

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর ও ধর্মপাশা দুই উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কৃষক বজলু মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ কৃষক হিসেবে সম্মাননা পেয়েছেন। ঐ ইউনিয়নে কর্মরত আকমল হোসেন পেয়েছেন শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন বিষয়ক জাতীয় কর্মশালায় তাদেরকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, সনদ ও একটি করে ডিনারসেট প্রদান করা হয়েছে।
জানা যায়, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিরসিংহপাড়া গ্রামের কৃষক বজলু মিয়া ৩৩ শতক পতিত জমিতে তরমুজ আবাদ করেছিলেন। বিক্রি করেছেন প্রায় ১ লাখ টাকার তরমুজ। এই সফলতার পুরষ্কার স্বরূপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ওই কৃষককে শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পরিত্যক্ত ৩৩ শতক জমিতে এবারই প্রথম তরমুজ চাষ করেন কৃষক বজলু মিয়া। তিনি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা। উপজেলা কৃষি অফিস থেকে তরমুজের বীজ, পরিচর্যা বাবদ নগদ টাকা সহ বিনামূল্যে কীটনাশক ও বিভিন্ন ধরনের সার সহায়তা পেয়েছেন। এছাড়া তিনি আরও ৮ হাজার টাকা বিনিয়োগ করেছেন। এতে নিজস্ব শ্রম ছাড়া সর্বসাকূল্যে তার উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ১৮ হাজার হাজার টাকা। উৎপাদিত তরমুজ বিক্রি করে পেয়েছেন প্রায় ১ লাখ টাকা।
উপজেলা ভিত্তিক ৩ জন শ্রেষ্ঠ কৃষকের মধ্যে বজলু মিয়া সহ অপর দুইজন হলেন, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের তরমুজ চাষী কৃপাময় সরকার ও ধর্মপাশা সদর
ইউনিয়নের চীনাবাদাম চাষী ওয়াসিম মিয়া।
গত ১৭ জুন শনিবার সকাল ১০টায় সিলেট নগরীর হোটেল রোজ ভিউয়ের কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন তাইজুল ইসলাম পাটোয়ারী এবং প্রকল্প পরিচালক রকিব উদ্দিন।
উল্লেখ্য, অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার প্রতি উপজেলায় ৩ জন করে ১২০ জন কৃষক এবং উপজেলা ভিত্তিক ১ জন করে ৪০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, জেলা ভিত্তিক ১ জন করে ৪ জন উপজেলা কৃষি অফিসার এবং ৪ জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।