ষোলঘর দ্বীনি মাদ্রাসার কাছে ট্রান্সফরমারে জ্বলছে আগুন

স্টাফ রিপোর্টার
শহরের পশু হাসপাতাল (জেলা প্রাণী সম্পদ) ও দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার মাঝের  প্রধান রাস্তার পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারে গত তিন ধরে আগুন জ্বলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। থেমে থেকে আগুন জ্বলে উঠার ঘটনায় এলাকার লোকজন দুর্ঘটনার আশংকা করছেন।
বার বার আগুন জ্বলে উঠার ফলে ভয়ে চলাফেরা     
করছেন মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার লোকজন ও পথচারী। গত তিন ধরে এই ট্রান্সফারে আগুন জ্বলে উঠার ঘটনা ঘটলে বিদ্যুৎ অফিসের লোকজনকে কয়েকবার অবগত করার পরও আগুন নেভাতে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে।
ষোলঘর এলাকার বাসিন্দা আরিফুল হক বলেন,‘গত তিন ধরে আমাদের এলাকার এই ট্রান্সফরমারে নিভু নিভু করে আগুন জ্বলছে। এই ট্রান্সফরমার এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ থাকায় শিক্ষার্থী-মুসল্লিসহ পথচারীরা ভয়ে চলাফেরা করছেন। সবাই আতংকে আছেন কোন সময় আগুন বড় হয়ে দুর্ঘটনা ঘটে এই ভয়ে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন,‘ শহরের ষোলঘর এলাকার মাদ্রাসার কাছে ট্রান্সফরমারে আগুন জ্বলছে বলে আমাদের কেউ অবগত করেন নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’