সু.খবর ডেস্ক
ষোড়শ সংশোধনী বাতিলের রায় আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। নেতারা বলছেন, রায়ের পর্যবেক্ষণের কিছু বিষয় অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ও উদ্দেশ্যপ্রণোদিত। রবিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বৈধ সংসদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে রায়ে যে পর্যবেক্ষণ রয়েছে, তা ১৪ দল প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে দেশের মানুষ জানে। বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তা চন্দ্র-সূর্যের মতোই সত্য। এটা নিয়ে রায়ে যা বলা হয়েছে, তা জনগণ মেনে নেবে না, ক্ষমা করবে না। সুতরাং এ রায়ের পুনর্বিবেচনা জরুরি।’ জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এ রায়ে জাতীয় সংসদকে কটাক্ষ করা হয়েছে। বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করা হয়েছে। সুতরাং এটা উদ্দেশ্যপ্রণোদিত, বিষয়বহির্ভূত ও অপ্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধ ও জনগণের শক্তিকে ম্লান করার জন্যই এ রায় দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী থাকলেও ক্ষতি ছিল না বরং বিচারপতিদের কেউ একে অন্যের প্রতি অবিচার করলে তার সঠিক বিচারের সুযোগ ছিল।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘এ রায়ে সংসদকে অবমাননা করা হয়েছে। আমি জানি না মুক্তিযুদ্ধ চলাকালে প্রধান বিচারপতি কোথায় ছিলেন। আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনি জানেন না বলেই দুঃসাহস দেখিয়েছেন। বিএনপি-জামায়াত যেন চক্রান্ত করতে পারে, সে সুযোগ করে দিয়েছেন।’ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, প্রধান বিচারপতি বলেছেন, রায় নিয়ে রাজনীতি করা অনুচিত। কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে যে রায়ে কথা বলা হয়েছে, তা উপেক্ষা করা যায় না। জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, এই রায়ে শুধু ১৪ দল নয়, সারা দেশ সংক্ষুব্ধ। সুতরাং রায় বাতিল হোক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, রায়ে জনগণের অধিকারকে হরণ করা হয়েছে। রায় সংবিধান পরিপন্থী। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।
- এই দুর্যোগে যে যার সাধ্যমত সহায়তা দিন
- জগন্নাথপুরে জেলার রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নেতৃবৃন্দের সফর


