স্টাফ রিপোর্টার
শ্রীরামসী গণহত্যা দিবস উপলক্ষে সোমবার স্থানীয় শ্রীরামসী ইউনিয়ন পরিষদ ও শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে স্মৃতিসৌধে পুস্প অর্পণ, আলোচনাসভা ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়।
বেলা ১১ টায় শ্রীরামসী স্কুল এ- কলেজের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্মাঞ্জলী প্রদান করা হয়। দুপুর ২ টায় মিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক’এর সভাপতিত্বে ও ইউপি সচিব সুদন চন্দ্র সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- শহীদ পরিবারের সদস্য তানিজির আলম তামিম, ইউপি সদস্য মাহবুব হোসেন, হাফিজুর রহমান খালেদ, আব্দুস শহীদ ও মোস্তাক আহমেদ প্রমুখ। পরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল দালালদের সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসীতে দুটি জায়গায় দাঁড় করিয়ে ১২৬ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। মর্মস্পর্শি হত্যাকান্ডের পর হানাদার বাহিনী শ্রীরামসী গ্রাম ও বাজারের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।
প্রতিবছর এই দিনটিতে স্থানীয়রা স্মরণ করেন শহীদদের। করোনাকালে সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে শ্রীরামসী গণহত্যা দিবস পালন করেছেন এলাকাবাসী।


