সংগ্রামপুর গ্রামে লালিগাঙের সেতু ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লালিগাঙের খালের উপর নির্মিত সেতু খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ ও ছোট আকারের যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে। যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশংকা করছেন এলাকাবাসী। এই ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
উপজেলার রক্তি নদীর পাশে অবস্থিত সংগ্রামপুর। এই গ্রামের ভেতর দিয়ে লালিগাঙের খাল প্রবাহিত হয়ে রক্তি নদীতে মিলিত হয়েছে। গ্রামের মসজিদের পাশে এই খালের উপর সেতু নির্মাণ করা হয় প্রায় ৩০ বছর আগে। দীর্ঘ ১০ বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ ও যানবাহন। সেতুর নিচে মধ্যের অংশ ফাউন্ডশনে মাটি নেই। সেতুর ফাউন্ডেশনের একাধিক খুঁটি ক্ষয় হয়ে গেছে। সেতুর উপর উভয় পাশে রেলিং নেই। রেলিং ভেঙে পড়েছে খালে। রেলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে ঝুলে আছে। সেতুতে উঠানামার সংযোগ সড়কে মাটি নেই। প্রতিদিন এই সেতু দিয়ে
চাকুজীবি, শিক্ষক, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করে থাকেন।
সংগ্রামপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন ও কলাইয়া গ্রামের তপন তালুকদার বলেন,‘সংগ্রামপুর গ্রামের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় মানুষ ও যানবাহন চলাচল করছে প্রতিদিন। যেকোনো সময় দুর্ঘটনা ঘাটার আশংকা রয়েছে।’
সামারকান্দি গ্রামের বাসিন্দা এরশাদ চৌধুরী বলেন,‘আমাদের গ্রামের লোকজনও বিভিন্ন সময় সংগ্রামপুর গ্রামের এই সেতু দিয়ে চলাচল করেন। সেতুটি যেমন ঝুঁকিপূর্ণ, তেমন বেহাল অবস্থা।’
ফারুক আহমদ বলেন,‘সংগ্রামপুর গ্রামের সেতু দীর্ঘদিনের পুরাতন। যেকোনো সময় ধসে যেতে পারে। তাই নতুন সেতু নির্মাণ জরুরি প্রয়োজন।’