সংবর্ধনা মঞ্চে মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে বক্তারা- ‘আমি পাঁচ এমপির বিরুদ্ধে জিতেছি’

স্টাফ রিপোর্টার
সংবর্ধিত নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এমপিদের উদ্দেশ্যে বলেন, ‘মুখে চুন কালি দিয়ে চলে যান আপনারা, আমি ইমনের বিরুদ্ধে নয় ৫ এমপি’র বিরুদ্ধে জয়লাভ করেছি। নির্বাচনে ৫ জন এমপি আমার সঙ্গে হেরেছেন। আমি এমপিদের সঙ্গেই নির্বাচন করেছি, আপনারা এমপিরা পদত্যাগ করে আমার সঙ্গে নির্বাচন করতে আসুন, দেখবেন আপনারা সাধারণ মানুষের থেকে কত দূরে রয়েছেন। একজন এমপি সাহেব বলেছেন, আমি ১২১২ ভোটের নির্বাচন করেছি, যে এমপি সাহেব বলেছেন, তিনি অনেক শিক্ষিত মানুষ, কিন্তু অংকে কাঁচা। তিনি জানেন না ৫ এমপিকে যারা নির্বাচিত করে তারাই তৃণমূলের প্রতিনিধি নির্বাচিত করেছে, তাদের প্রতিনিধিরাই আমাকে নির্বাচিত করেছেন। ২ দিন আগে রানীগঞ্জে দলের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে পরিচয় করিয়ে একজন মন্ত্রী ও এমপি আমাকে বলছিলেন, আমার সঙ্গে পরিচয় আছে কী-না? আমি বলেছি, আপনার যোগদানের আগেই আমার পরিচয়। ঐ এমপি সাহেবকে যোগদানের আগে আমি, মতিউর রহমান ও ডনের কাছে সঁপে দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন- তিনি ভাল মানুষ, দেখে রাখার জন্য, উনার যখন আওয়ামী লীগে জন্ম, তখন আমরা আওয়ামী লীগে বৃদ্ধ হয়ে গেছি, নাবালক বালক আমাদের চ্যালেঞ্জ দিচ্ছেন উনাদের সাথে ইলেকশন করবো।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘ দক্ষিণ সুনামগঞ্জে একটা মিটিং হয়েছে। ১০ জানুয়ারি ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সভা করেছে। আসলে কিন্তু তারা ১০ জানুয়ারি কি, সেটাও জানে না। ছাত্রলীগের জন্ম তারিখও তারা জানে না। শুধু নামেই তারা একটা মিটিং করছে। আওয়ামী লীগকে দুর্বল করার জন্য, আওয়ামী লীগকে বিভক্ত করার জন্য তারা মিটিং করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করেন তারা। আমি ত্যাগী নেতাকর্মীদের নেতা। সুনামগঞ্জ দল এখন    
দুইভাগে বিভক্ত- ত্যাগী ও ভোগী। ভোগীদের ঘণ্টা বেজে গেছে, এরা আর ভোগ করতে পারবে না। ত্যাগী নেতারা আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে গ্রাস করার জন্য সুবিধাভোগিরা সুযোগ খুঁজেছে। আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ।’ তিনি বলেন,‘ স্থানীয় সরকারের বাজেট অনেক বেশী, আমরা অনেকেই জানি না, সেই প্রশাসক তো আমাদের জানতে দেয় নাই। দেখার মত কিছু করেও নাই। তবে আমরা শিক্ষা-স্বাস্থ্য ও বিদ্যুতে এগিয়ে যাচ্ছি।’
মতিউর রহমান প্রতিমন্ত্রী এমএ মান্নানকে উদ্দেশ্য করে বলেন, আমার ব্যক্তিগত জবাব দেওয়া, এটা আমার স্বভাব নয়, আমি কারো কুৎসা রটনা করতে চাই না, এটা কবিরা গুনা। আমি আহবান জানাই মান্নান সাহেব আমার সামনে আসেন।  যে কোন জায়গায় আপনি আসেন। আপনি কোথায় রাজনীতি করেছেন, কিসের রাজনীতি করেছেন দেশের মানুষ জানতে চায়। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধের মাঠে, আপনি তখন পাকিস্তানের হেফাজতে চাকরী করতেন। বঙ্গবন্ধু দেশে ফিরে এসে আপনাদের সুবিধাবাদীদের চাকুরীচ্যুত করেন। চাকরি হারিয়ে দীর্ঘদিন ট্র্যাভেল এজেন্সিতে চাকুরী করেছেন। এরপর ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান আপনাকে সসম্মানে ফিরিয়ে আনেন। আপনি কার? সুনামগঞ্জের মানুষ জানতে চায় আপনি কার? আপনি কোন দলের। বঙ্গবন্ধু বিদায় দেন জিয়াউর রহমান আপনাকে আনেন। আপনি বলেছেন অনেক কাজ করেছেন তবে কোথাও নামকরণ করেন নাই। সেদিন জগন্নাথপুর গিয়েছিলাম, দেখলাম একটি রাস্তার সংস্কার কাজ মান্নান সাহেবের নামে উদ্বোধন করা হয়েছে। আপনি কোন রাস্তা করেননি কেন। আব্দুস সামাদ আজাদ পাগলা-আউশকান্দির যে রাস্তা করে গেছেন, পাগলা- জগন্নাথপুর রাস্তায় সামাদ আজাদ যে বেইলি ব্রিজ করে গেছেন, সেইগুলি এখনও আগের মতই রয়ে গেছে, আপনি তো কোন পরিবর্তন করতে পারেন নাই। আপনি নাম লেখাইবেন কোথায়। আমি করি রাবার ড্যাম, আপনি যান দৌড়াইয়া উদ্বোধন করতে। লজ্জা করে না, নিজে পারেন না কিছু করতে, অন্যের কাজ উদ্বোধন করতে যান।  আপনি নিজের স্বার্থে কাজ করেন, উন্নয়ন কাজ করতে অভ্যস্ত নন আপনি। কলেজ দিছি আমার নামে, এটা উনার গাত্র গাহ। ১৫ লক্ষ টাকা দিয়েই আমি নামকরণ করেছি। আরেকটা কলেজ করে আপনি দেখান না। একটি স্কুলই বানান না। আপনি অবাস্তব অসত্য বলবেন না। আপনি বলেন আমি নাকি, উপ নির্বাচনে পাশ করে হঠাৎ করে বড় কিছু হয়ে গেছি। আপনি দাঁত ভাঙা জবাব দিবেন। কি জবাব দিবেন জানি না। আমি ১৯৬০ সাল থেকে রাজনীতি করি। আপনি কিসের জোরে নমিনেশন পেয়েছেন, মন্ত্রী-এমপি হয়েছেন আমি সব জানি, বলতে চাই না। আমি আপনার অসাক্ষাতে কিছু বলতে চাই না। কবিরা গুনা করতে চাই না। কথা প্রসঙ্গে আমি যতটুকু বলেছি, আপনি যেন ক্ষমা করেন, আল্লাহও যেন ক্ষমা করেন। আপনার সমালোচনায় যাচ্ছি না, আপনি যেসব অবান্তর কথাগুলো বলেছেন। এগুলো থেকে ভবিষ্যতে সতর্ক থাকার জন্য বলতেছি। আপনি নৌকা নিয়া আইসা ফুটবলের কাছে (আব্দুস সামাদ আজাদের ছেলে আপনার ছেলের বয়সী এক ছেলের কাছে) জগন্নাথপুরে ১০ হাজার ভোটে হেরেছেন। আপনার মুখে এসব বাহাদুরি সাজে না। আপনি নৌকা নিয়ে আইসা যখন কোন বিরোধী দল ছিল না আব্দুস সামাদ আজাদ সাহেবের নাবালক ছেলের কাছে হেরেছেন। পরে কিভাবে পাশ করছেন আমার চেয়ে আপনি ভাল করে জানেন। আরেকজন জানেন সুনামগঞ্জের সাবেক ডিসি ইয়ামিন চৌধুরী। উনি জানেন, আর আপনি জানেন, আমরা দেশের মানুষ কিছুই জানি না। আপনি কিভাবে পাশ করেছেন। আজকে খুশির দিন, যে বিজয়টা হয়েছে, তা ত্যাগী, নির্যাতিত ও নিপীড়িত মানুষের বিজয়। আগামী নির্বাচনে সুবিধাবাদীর আর স্থান হবে না।’
মতিউর রহমান আরো বলেন, ‘আমি যে ঝুঁকি নিয়ে তোমাদের পাশে ছিলাম, আমি কেন্দ্রের সিদ্ধান্ত মানি নাই, অতীতেও মানি নাই। আমি মানছি স্থানীয় নেতাদের সিদ্ধান্ত, কর্মীদের সিদ্ধান্ত। জগলুলের সময় মহাজোটের সময়ও মানি নাই। আমি শুনেছি স্থানীয় নেতাদের ও স্থানীয় কর্মীদের কথা। তোমরা একজন আমর ভাতিজা, একজন ভাগিনা। আপনাদের নেতা মুকুট এবং জগলুল, এরা দুইজন যেন ঐক্যবদ্ধ থাকে। অন্য কোন শত্রু যেন তাদের প্রভাবিত না করতে পারে। এখনই অনেকে লেগে গেছে, কান ভারি করার জন্য, আমি সাবধান করব মুকুটকে, আমি সাবধান করব জগলুলকে এদের কান কথা শুনবে না তোমরা। এরা তোমাদের কিচ্ছু করবে না। তোমরা এই মানুষের কথা শুনবা, তাদের অবস্থা দেখবা, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি এইবার যে ঝুঁকি নিয়ে তোমাদের পাশে ছিলাম, আমি যত দিন থাকব ততদিন তোমাদের পাশে থাকব।’
আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলেন,‘ কিছু কিছু মানুষ মনে করেন এই নির্বাচনে জনপ্রিয়তা যাচাই হয়নি। তারা কিভাবে বলেন, এটা জনপ্রিয়তা যাচাইয়ের জায়গা না। এটা সবচেয়ে বড় জনপ্রিয়তা যাচাই। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা রাজনীতিতে থাকার জন্য এসেছি। ১২ বছর হলেও ঠেলা ধাক্কা খেয়েও থাকব। আমরা নৌকা বাইছি, আমরা কাঁধে করে নৌকা পার করছি। আমরা ঐকবদ্ধ থাকলে আমাদের লাভ , সুনামগঞ্জবাসীর লাভ। সিলেটের এক নেতা আমাকে বলেছেন তোমাদের সুনামগঞ্জে এসব কি শুরু হচ্ছে। আমি বললাম, এরা আওয়ামী লীগের নয়। তারা আওয়ামী লীগে এসেছে দুই দিন আগে। তারা এসেই হয়ে গেছে নেতা। আওয়ামী লীগের নেতাদের কথা বলেন, তারা এখনও সবাই ঐক্যবদ্ধ। আমি খুশি হতাম পরাজিত প্রার্থী উপস্থিত থাকলে। এখানে সবাই বিজয়ী প্রার্থী। তিনি আরো বলেন,‘আমরা সুনামগঞ্জবাসী একমঞ্চে দাঁড়ানো শিখিনি।’ বক্তব্যে তিনি সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুর রইছ, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত ও তার পিতা মরহুম আব্দুল সামাদ আজাদ প্রসঙ্গে কথা বলেন ও তাদের স্মরণ করেন।  
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম বলেছেন,‘ আপনাদের (জেলার ৫ জন এমপি) ভুল সিদ্ধান্তের কারণে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় অনেক প্রার্থীকে পরাজিত করেছেন। আপনারা প্রকাশ্য বিরোধিতা করে নৌকার প্রার্থীদের পরাজিত করেছেন। সেজন্য আমরা আপনাদের ধিক্কার জানাই। প্রতিমন্ত্রী এমএ মান্নানকে উদ্দেশ্য করে বলেন,‘আপনি নৌকা ছাড়া জেলার যে কোন আসনে নির্বাচনে আসুন। মুকুট সাহেব নির্বাচন করবে, নির্বাচনে তিনি হারলে আমরা রাজনীতি ছেড়ে দেব। আপনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, এই নৌকা আপনার নয়, এই নৌকা  বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা। নৌকার বিজয়ের কৃতিত্ব আপনার নয়, এই বিজয়ের কৃতিত্ব আমাদের তৃণমূলের নেতাকর্মীদের। আপনি মতিউর রহমানকে ভৈরব থেকে এসেছেন বলেছেন। তিনি যখন রাজনীতিতে এসেছেন তখন আপনার মত মন্ত্রী-এমপিদের জন্ম হয়নি। সুনামগঞ্জের সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা পরিবর্তন চায়। পরিবর্তনের বাতাস বইছে, পরিবর্তনের জন্য বর্তমানে যারা জনবিচ্ছিন্ন এমপি রয়েছেন, তাদেরকে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না দেয়া হয় সেজন্য দলের নেত্রীর কাছে অনুরোধ ও আহবান জানাই। ২৫ ফেব্রুয়ারি আমাদের উপর একজনকে নাজিল করে দেয়া হল। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ২৮ ডিসেম্বরের নির্বাচনে। এই নিবার্চনের পর আগামী নির্বাচনে আপনারা যাওয়ার বিষয় ভেবে দেখবেন। পাগলা আউশকান্দি রাস্তা করেছেন আব্দুস সামাজ আজাদ, আরেকজন আব্দুর রইছ চত্ত্বর নামে নামকরণ করেছেন। আপনারা নব্য আওয়ামী লীগার, আমরা যখন রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি দলে তখন আপনাদের জন্ম হয়নি।’
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবণী মোহন দাস জেলার পাঁচ এমপির প্রতি ইঙ্গিত করে বলেন,‘ আপনারা কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়েছেন। আপনারা হয়েছেন ভোটের আড়তদার, কিন্তু নির্বাচনে তা হয় নাই। জেলা পরিষদ নির্বাচনে এর বিপরীত হয়েছে। গত ৬-৭ বছর জেলা পরিষদের কোটি কোটি টাকা কিভাবে খরচ হয়েছে, জেলাবাসীর জন্য শ্বেতপত্র প্রকাশ করবেন নতুন চেয়ারম্যান। কোথায় কিভাবে কত টাকা ব্যয় হয়েছে সুনামগঞ্জের মানুষ তা জানতে চায়। ’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন,‘ জেলা পরিষদের চেয়ারম্যান মুকুট ভাইকে চাটুকারদের থেকে হুশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। চাটুকারদের চিহ্নিত করতে হবে। সুনামগঞ্জের একজন আগে মতিউর সাব এমপি থাকতে সুবিধা নিয়েছেন, এখন অন্য ডাল ধরেছেন। উপর থেকে নাজিল করা নেতাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আগের নাজিলকৃত জেলা পরিষদ প্রশাসকের কারণে জেলায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে বিষয়টি প্রমাণিত হয়েছে। সে লন্ডনে লেখা পড়া করেছে। সে ছাত্রলীগ, যুবলীগ করেনি, আকতা করে জেলা প্রশাসক নাজিল হয়েছে। প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিতে হবে নাজিলকৃত নেতাদের নিয়ে আর চলবে না।’
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন,‘ ২৮ ডিসেম্বর সুনামগঞ্জের ইতিহাস কলংকমুক্ত হয়েছে। গত বছর ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের সাধারণ মানুষ একটা আশা নিয়ে এসেছিল, সেই আশার প্রতিফলন না হওয়ায় সেদিন মানুষ বালুর মাঠে কেঁদেছিল। একবছর পর তৃণমূলের নেতাকর্মীরা ও ইউপি চেয়ারম্যান, সদস্য-সদস্যাগণ ও সাধারণ মানুষ নিয়ে হেসেছেন। জেলা পরিষদ নির্বাচনের বিজয় জনতার বিজয়। এই বিজয় সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিজয়। ১২০০ ভোট নাকি ভোট না। এই ১২০০ ভোট সারা সুনামগঞ্জের ১১ লক্ষ ভোটের সমান। ১২০০ ভোটার ১১ লাখ ভোটারের নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কোনভাবেই খাটো করার অধিকার কারোর নেই। রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যারা তৃণমূল থেকে বিচ্ছিন্ন তাদের সংসদ সদস্য পদে মনোনয়ন দেয়া হবে না। তাই সময় এেেসছে আপনারা সুনামগঞ্জ থেকে পালিয়ে যান। কারণ মানুষ দেখেছে কারা জনবিচ্ছিন্ন, কারা জনগণের নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেখে গেছেন সুনামগঞ্জ কাদের মাটি, কাদের ঘাটি। ’
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আখতারুজ্জামান সেলিম বলেন,‘ প্রতিমন্ত্রী এমএ মান্নানের বক্তব্যে আমি দুঃখিত। জেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলে ধৃষ্টতা দেখিয়েছেন। এভাবে তাঁর কথা বলা উচিত হয়নি। মতিউর রহমান প্রবীণ ও আওয়ামী লীগের ত্যাগী নেতা, তাকে নিয়ে এভাবে আপনি কথা বলবেন না।’  এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে ইঙ্গিত করে বলেন,‘আরেকজন নব্য আওয়ামী লীগ করে এমপি হয়েছেন। তিনি নামের আগে ইঞ্জিনিয়ার লেখেন, তিনি কোথা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তিনি ইঞ্জিনিয়ার বানান লিখতে পারবেন না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচনে তাদের পরাজয় হয়েছে। ’