স্টাফ রিপোর্টার
২০১৩-২০১৪ অর্থ বছরে এলজিএসপি-২ প্রকল্পে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্রদের মাঝে রিং-স্লাব বিতরণ প্রকল্পের আত্মসাতকৃত ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। তবে এই টাকা মূল দোষী ব্যক্তিরা পরিশোধ করেন নি। এ বছরের বরাদ্দকৃত অর্থ ছাড়ের স্বার্থে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই টাকা জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দৈনিক সুনামগঞ্জের খবরে “কাজ না করে পুরো টাকা আত্মসাত, এক লাখে আটকে আছে ১৪ লাখ টাকার বরাদ্দ” শিরোনামে সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখায় এলজিএসপি-২ প্রকল্পের হিসাবে টাকা জমা দেয়া হয়। দুপুরে মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই টাকা জমা দেয়া হয়।
উল্লেখ্য, কোন কাজ না করেই প্রকল্পের সমূদয় টাকা আত্মসাতের কারণে আটকে ছিল পুরো ইউনিয়ন পরিষদের চলতি অর্থ বছরের ১৪ লাখ ৩০ হাজার টাকা। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও টাকা আত্মসাতের কারণে বিপাকে পড়েছিল মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ। স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ডের ইউপি সদস্য মাকসুদ আলী ও তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজির উদ্দিনের (বর্তমানে মৃত) বিরুদ্ধে এই অনিয়ম-দুর্নীতির অেিভাগ আনা হয়েছিল অডিটে।
আত্মসাতকৃত ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে এলজিএসপি-২ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আওয়াল নাসিম ও জেলা স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান জানান,‘ মোল্লাপাড়া ইউনিয়নের ওই প্রকল্পের আত্মসাতকৃত ১ লাখ টাকা বৃহস্পতিবার এলজিএসপি-২ প্রকল্পের হিসাবে জমা হয়েছে।’
- বিএনপির প্রার্থী বাছাই জামালগঞ্জে চাঁদা দাবির অভিযোগ
- বায়োডাটা নিয়ে ধানমণ্ডিতে পেরেশান সম্ভাব্য প্রার্থীরা


