সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ‘প্রচারণা বোর্ড’

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামন থেকে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের প্রচারণা বোর্ড। রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল সাড়ের ৯টার মধ্যে কোনো এক সময় ‘বিলবোর্ডটি’ সরানো হয়েছে।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সামনে, সড়কের একপাশে উপরি দোকানে চানাচুর—চকলেটের ব্যবসা করেন মো. আমির আলী। তিনি বলেন, গত সপ্তাহ থেকে দেখেছি বিলবোর্ডটি টানানো। দেখে খারাপ লাগছিলো। আজ সকালে দোকান খুলতে এসে দেখি বোর্ডটি নেই। রাতেও যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখেছি। মনে হচ্ছে ওই নেতার লোকজন এসে রাত ১১টার পরে ও সকাল ৯টার আগে যে কোনো এক সময় বিলবোর্ডটি তুলে নিয়েছেন।
এ ব্যপারে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আলা উদ্দিন ও দশম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার বলেন, সংবাদ প্রকাশের পর দৃষ্টিকটু এ বিষয়টি যে কর্তৃপক্ষের নজরে এসেছে সে জন্য ধন্যবাদ।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন বলেন, বিষয়টি আমাদের নজরে ছিলো। আমার কাছে খুব খারাপ লেগেছে স্কুলের সামনে এতো বড় প্রচারণা বোর্ড দেখে। দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রচার হওয়ায় বোর্ডটি দ্রুত অপসারণ হয়েছে। ধন্যবাদ প্রতিবেদক ও পত্রিকা কর্তৃপক্ষকে। বোধোদয় হওয়ায় যারা বোর্ড লাগিয়েছিলেন তাদেরও ধন্যবাদ।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (শান্তিগঞ্জ—জগন্নাথপুর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে গত সপ্তাহে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনো বাঁশ—কাঠ দিয়ে লাগানো হয়েছিলো বিশাল বড় প্রচারণা বোর্ড। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়। এ নিয়ে ‘প্রচার বোর্ড ঢেকেছে প্রধান ফটক’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় দৈনিক সুনামগঞ্জের খবরে। খবর প্রকাশের দুু’দিনের মাথায় সরিয়ে নেওয়া হয়েছে বিলবোর্ডটি।