স্টাফ রিপোর্টার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,‘বর্তমান সরকার হাওর এলাকার উন্নয়নে খুবই আন্তরিক। সুনামগঞ্জে ‘হাওর ট্যুরিজম’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জে একটি প্রতিনিধি দল পাঠানো হবে।’ মন্ত্রী বলেন,‘ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে প্রাকৃতিক সৌন্দর্য্য রয়েছে। এখানে প্রতিবছর পরিযায়ী পাখি আসে। অনেক কিছু থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে পর্যটন গড়ে উঠেনি। হাওর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং এলাকার মানুষের মরমী গান ও সুরকে সংরক্ষণ করে সারা দেশবাসীর কাছে তোলে ধরা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে পর্যটনস্পট অচিরেই গড়ে উঠবে এবং যথাসময়েই তা বাস্তবায়ন করা হবে। একটি পর্যটন কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসককে বলেছি।’
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও সরু রাস্তা প্রশস্তকরণের জন্য জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান মন্ত্রী। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘লোক সংস্কৃতি সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে।’ হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মন্ত্রী মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে আয়োজিত ‘বারুণী মেলার ৫০০ বছর ও পর্যটন শিল্পের বিকাশ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুনামগঞ্জ আসেন।
কিন্তু দীর্ঘ যানজটের কবলে পরে ও বিরূপ আবহাওয়ার কারণে ওই অনুষ্ঠানে যোগদান করতে পারেন নি, বিশ্বম্ভরপুর উপজেলার চাতারকোনা গ্রাম থেকে সুনামগঞ্জে ফিরে আসেন তিনি। জাদুকাটা নদীতে মঙ্গলবার হিন্দুধর্মাবলম্বীদের পুণ্য¯œান অনুষ্ঠিত হয়। বারুণী মেলার ৫০০ বছর পূর্তির অনুষ্ঠানে না যেতে পেরে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন,‘ স্থানীয় লোকদের কথা অনুযায়ী ‘সব তীর্থে বার বার পণাতীর্থে একবার’ বলার পরও আমি যেতে না পারায় অতৃপ্তি নিয়েই ঢাকায় ফিরছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেমন বলেন,‘ শাহজালাল বিমান বন্দরের নিরপত্তার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সিলেটের সরাসরি ফ্লাইট চালুর জন্য কাজ চলছে। বিমানের জ্বালানীর বিষয়টি সমাধান হয়েছে । রানওয়ে সম্প্রসারণের কাজ সমাপ্ত হলেই সরাসরি সকল ফ্লাইট সিলেটে যাবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য সিকন্দর আলী, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে পর্যটন মন্ত্রী হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘বারুণী মেলার ৫০০ বছর ও পর্যটনবর্ষ -২০১৬ স্মারক ‘লাউড়’ নামক সংকলনের মোড়ক উন্মোচন করেন।
এসময় হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সাধারণ সম্পাদক পীযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সহ সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে রাশেদ খান মেনন সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিদশন করেন এবং জেলা শিল্পকলা একাডেমিতে ঘরোয়া সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।


