স্টাফ রিপোর্টার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংস্কৃতিকর্মীরা। এসময় শাবি’র উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবি জানায় তারা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকে এই প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালে সংস্কৃতিকর্মীরা উপাচার্যের প্রতীকী চেয়ার প্রদর্শন করে লিখে, ‘এটি নির্লজ্জ লোভী চেয়ার’।
এসময় বক্তব্য রাখেন বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা সাদিকুর রহমান খান, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র ও জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া। এসময় সাংস্কৃতিক সংগঠক রাজিব রায়, মাহফুজ আলম, মেহেদী হাসান, অমিত রায়, রাজন দাস, অদ্রি অংকু, ঝন্টু তালুকাদার প্রমুখ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরী পদত্যাগ না করলে এই আন্দোলন দেশ জুড়ে চলবে। সুনামগঞ্জের সংস্কৃতি কর্মীরা এই আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগিতা জানাবে। শিক্ষার্থীরা মৃত্যুর সঙ্গে সঙ্গে যুদ্ধ করছে, অথচ ভিসি চেয়ার আকরে ধরে বসে আছেন। সরকার সঠিক পদক্ষেপ না নিলে সকল ক্ষোভ সরকারের উপর যাবে।
- তাহিরপুরে সাত বছরের শিশু পাশবিক নির্যাতনের শিকার, যুবক আটক
- ছাতক হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল


