সংস্কৃৃতিকর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের থেকে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আর্থিক অনুদান বরাদ্দে ক্ষেত্রে অনিয়ম হয়েছে দাবি করে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও সনাকের সহ—সভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রসেনজিৎ দে পিনু, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার পরিচালক শুভ্র তালুকদার ও নাট্যকর্মী তাজকিরা হক তাজিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর সুনামগঞ্জে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ের অ্যাকটিভ সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নে এবং বছরে অনুষ্ঠান করার জন্য প্রতি বছর অর্থ বরাদ্দ দেয়া হয়। এক্ষেত্রে গত পাঁচ বছরে কোন অনুষ্ঠান করে নি, কোন কার্যক্রম ছিল না তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ যারা সারা বছর অনুষ্ঠান করে, নিজ খরচে মঞ্চ নাটক পরিবেশন করে তাদের নামে অর্থ বরাদ্দ আসে না।
আগামী বছর এমন অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে বলা হয়, কাগজপত্র যাচাই—বাছাই করে নিয়ম মেনে পাওয়ার যোগ্যদের বরাদ্দ দেবার দাবি জানানো হয়।