স্টাফ রিপোর্টার
তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন,‘দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাই সরকারের উন্নয়ন কর্মকা-ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের পুরুষের সমান অধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন, নারী অধিকার বাস্তবায়ন ও নারী শিক্ষার প্রসারে কাজ করছেন। পিছিয়ে পড়া নারী সমাজের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন। গ্রামীণ পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকা- সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করছে।’
তিনি আরো বলেন,‘নারীদের সকল উন্নয়নমূলক কর্মকা-ে সম্পৃক্ত করতে হবে এবং আরো বেশী করে সচেতন করে গড়ে তুলতে হবে। প্রত্যেক নারীকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সকল মায়েদেরকেই সন্তানকে আদর্শ ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই বাংলাদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।’
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউপির ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এই মহিলা সমাবেশের আয়োজন করে। সমাবেশে ব্রাহ্মণগাঁওসহ আশপাশের গ্রামগুলোর কয়েক শতাধিক মহিলা ও শিক্ষার্থী অভিভাবক অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের সহকারি মো. শরীফের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আপ্তর আলী, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষার্থী অভিভাবক ওহিদা বেগম।
সমাবেশে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
তথ্য সচিব মরতুজা আহমদ এর পর পুরাতন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রয়াত সাংবাদিক সালেহ চৌধুরী স্মরণে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


