ধর্মপাশা প্রতিনিধি
গৃহবধূ দোলেনা আক্তার সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যাথাসহ করোনা উপসর্গ নিয়ে ভোগছিলেন কয়েকদিন ধরে। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। দ্রুত সংগ্রহ করা হয় তার নমুনা। পরক্ষণেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। ওইদিন বাদ আসর নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। আর দাফনের পরই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় ওই গৃহবধূ ছিলেন করোনা পজিটিভ। গৃহবধূ দোলেনা আক্তার (৬২) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মড়লপাড়ার বাসিন্দা শওকত আলীর স্ত্রী। শনিবার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘মুমূর্ষ অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের কিছুক্ষণ পরই তিনি মারা যান। তার নমুনায় করোনা পজিটিভ এসেছে।’


