স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কবি, প্রাবন্ধিক কুমার সৌরভ এর আগামীকাল (মঙ্গলবার) আবার অস্ত্রোপচার হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের বিভাগীয় প্রধান শংকর কুমার রায় এর তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সিলেটের আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। দুর্ঘটনায় তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
জানা যায়, শনিবার সকালে কবি কুমার সৌরভ তার ভাগনীকে নিয়ে জাউয়াবাজার যাবার উদ্দেশ্যে বের হন। সুনামগঞ্জ সিলেটের আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ থেকে ধানের বস্তা তাকে বহনকারী সিএনজির সামনে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। সিএনজি উল্টে তিনি গুরুতর আহত হন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দ্বিতীয় দফায় কবি কুমার সৌরভের বাম পায়ে ও মাথায় অস্ত্রোপচার হবে।


