আশরাফ আহমদ
ভাবছেন- বউয়ের কথার দাস?
স্ত্রৈণের মন্থর পায়ে ভুলপথে হাঁটি ?
আসলে তা না ।
তিনি তো সতীন না !
তবু, জেনেও না মানা সত্য-
ফেঁসে যাওয়া স্বপ্নবীজ থেকে
বৃক্ষ না গজায়ও যদি,
উঁকি দেয় ঈর্ষার লতা,
আর, তাতেই বিনাশ !
তাতেই স্বপ্ন হয় সতীনের ছায়া ।
সংসারে-সন্ন্যাসে যে কিনা পথভ্রষ্ট,
তার কোনো ব্রহ্মতালু নেই,
সে বাঁচে- হোঁচটে, উশটায়
সে মরে- মতিভ্রমে।
বিভ্রমে বাঁচার কথা ভাবতে ভাবতে
দিকভ্রান্ত হলে,
পিছলা খেয়ে চিতপটাং খুবই সম্ভব ।
তাতে কি হাস্য অনিবার্য ? খিলখিল ?
পতনের ব্যাকরণ না জানার মানে !
উত্থানের পদশব্দে কে তবে বিভোর।?
তারপর মায়াও উজায়,
কিঞ্চিৎ করুণাও হয়,
তারপরও দিনশেষে
পতনের পরশব্দ সূর্যোদয়-ই হয় ।
এবং সর্বাস্তে শুধু
ঘুরে দাঁড়াবার প্রিয় একমাত্র প্রতিজ্ঞায়,
বলা যেতে পারে-
সত্যনাশের জন্য অন্যজীবনে না ,
এইবার এক্ষণে তবে
যা হবার, হোক ।


