সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (৯)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
জনদরদী, দয়ালু, পরোপকারী, সমাজসেবক সর্বোপরি সাদা মনের মানুষ যিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আত্মীয় বলে মনে করতেন, শিক্ষকতা ছিল তাঁর পেশা এবং সমাজে পুরোহিত হিসেবেও খ্যাত প্রয়াত সুবোধ চক্রবর্তী ও প্রয়াত শ্বেতাঙ্গিনী চক্রবর্তীর আট সন্তানের চার কন্যাই সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। আজকের “আমাদের সহোদরা’র আলোচনায় এই চার কন্যার স্বকীয়তা সম্পর্কে আলোকপাত করা হলো।
(১) শুক্লা চক্রবর্তী :- এস এস সি ১৯৭৪।
বাড়ির বড় মেয়েটি মায়ের সাথী হয়ে সংসারের কজে সম্পৃক্ত থাকায় প্রাতিষ্ঠানিক শিক্ষা বাধাগ্রস্ত হয়। পেশা হিসেবে গৃহিনীর ভূমিকায় সুখ্যাতি নিয়ে বর্তমানে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাস করছেন। উদার মানসিকতা ও সহজ-সরল প্রকৃতির শুক্লা চক্রবর্তীর  নিজের কোন সন্তান না থাকলেও দেবরের সন্তানদের নিজ সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। ব্যবসায়ী স্বামী ও আত্মীয়দের নিয়ে তিনি ভালই আছেন।
সতীশে পড়ার সময় কোন এক বৃষ্টিভেজা দিনে সহপাঠীদের সাথে বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দের স্মৃতিই মানসপটে অন্যতম সুখস্মৃতি।
পরবর্তী প্রজন্ম দায়িত্বশীল, পরোপকারী ও মানুষের মত মানুষ হবে এটাই তাঁর প্রত্যাশা।
(২) কৃষ্ণা চক্রবর্তী :- এস এস সি ১৯৭৭এবং এইচ এস সি ১৯৭৯ সুনামগঞ্জ সরকারী কলেজ। সি-ইন এড প্রশিক্ষণ সুনামগঞ্জ পি টি আই।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকার পদে যোগদানে পেশার শুরু। বর্তমানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  কর্মরত।
স্বামী ও দুই কন্যাসহ সিলেটে পারিবারিক জীবন যাপন করছেন।
বিদ্যালয়ে পড়ার সময় খেলাধুলায় পারদর্শিতার জন্য প্রতি বৎসর পুরস্কার গ্রহণে একই রকম অনুভূতি তৈরি হত যা এখনও অনুভবে নাড়া দেয় এবং সেই অনুভূতিই জীবনের বিশেষ সুখস্মৃতির মধ্যে প্রধান।
একজন আদর্শ, যোগ্য সুনাগরিক হওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ায় সচেষ্ট থাকতে হবে – প্রজন্মের কাছে এমন প্রত্যাশাই রেখেছেন।
(৩) শিখা চক্রবর্তী :- এস এস সি ১৯৮১। এইচ এস সি ১৯৮৩ সুনামগঞ্জ সরকারী কলেজ এবং ‘দর্শন’ বিষয়ে অনার্স ১৯৮৬ ও মাস্টার্স ১৯৮৭ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।                
বালিকা বেলার স্মৃতির বিদ্যালয়ে ১৯৯২-এ সহকারী শিক্ষকার পদে যোগদানে পেশার শুরু। ১৪’শ বি সি এস (সাধারণ শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবারও নিজ শিক্ষাজীবনের তীর্থপীঠ সুনামগঞ্জ সরকারী কলেজে প্রভাষক,  ‘দর্শন’ শাস্ত্রে যোগদান ১৯৯৩। দীর্ঘ চব্বিশ বৎসর যাবত বিভিন্ন প্রতিষ্ঠান যেমন : মুন্সিগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ, সরকারী জগন্নাথ কলেজ, ঢাকা ও নিরীক্ষা অধিদপ্তর,  ঢাকা শেষে বর্তমানে সহযোগী অধ্যাপক (দর্শন) পদবীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী(নায়েম) তে প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
ভ্রমণ অনুরাগী শিখা চক্রবর্তী দেশের বিখ্যাত দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র ছাড়াও ভারত, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড ভ্রমন করেছেন। পারিবারিক জীবনে স্বামী ও দুই ছেলেসহ তিনি ঢাকাবাসী।
একজন সফল মা হিসেবে মেধাবী সন্তানদের প্রতিটি মেধার স্বীকৃতি ও পুরস্কার লাভ স্মৃতির অনুভূতিতে সকল সময় একই সুখানুভূতি সৃষ্টি হয় যা তাঁকে আবেশিত করে। তাই সুখের স্মৃতিতে সন্তানদের সফলতার স্বীকৃতিই উজ্জ্বলতম  স্থান দখল করে আছে।
” পরবর্তী প্রজন্ম নৈতিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক, মানবিক গুণসম্পন্ন সৎ, আদর্শ ও বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় গুণগত মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলবে “- এ প্রত্যাশাই তিনি রেখেছেন।
(৪) স্নিগ্ধা চক্রবর্তী :- এস এস সি ১৯৮৪। এইচ এস সি ১৯৮৭, সুনামগঞ্জ সরকারী কলেজ এবং সুনামগঞ্জ পি টি আই থেকে সি-ইন এড প্রশিক্ষণ নিয়েছেন।
পেশাগত জীবনের শুরু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে। বর্তমানে দরগা জালালিয়া প্রাথমিক বিদ্যলয়,  সিলেটে কর্মরত।
প্রকৌশলী স্বামী ও এক ছেলে ও এক মেয়ে নিয়ে সিলেটে সুখী পারিবারিক জীবন যাপন করছেন।
সন্তানের মুখে প্রথম ‘মা’-ডাক শুনা-ই স্নিগ্ধার অন্যতম সুখ-স্মৃতি।
পরিশ্রমী, সৎ, হিংসা-বিদ্বেষহীন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে – প্রজন্মের কাছে এ প্রত্যাশা রেখেছেন তিনি।
কর্মতৎপরতা ও দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে চলা এই সহোদরা আরোও নব নব কর্মতৎপরতা নিয়ে দায়িত্বশীল ভূমিকায় থেকে এগিয়ে চলুন ও সবাই সু-স্বাস্থ্য নিয়ে ভাল থাকুন- কামনা রইলো।
সংশোধনী
গত বুধবার প্রকাশিত ‘আমাদের অহংকার’ (৪) এ প্রয়াত মাহতাবুন্নেসা খাতুন পদোন্নতিতে কুমিল্লার সরকারী ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিলেটের সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে উর্দু সেকশনে প্রঃ শিঃ পদে যোগদান করেন ও পরে সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে একটানা দশ বৎসর প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন।