সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের অহংকার (৮)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য
সমাজে এমন অনেক নিভৃতচারীকে দেখা যায় যারা গোপনে প্রতিনিয়ত অবিরাম নিরবিচ্ছিন্ন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তৎপরতা নিয়ে এগিয়ে চলেছেন। লোকচক্ষুর আড়ালে থেকেই নিরহংকারী কর্মতৎপর এই মহান ব্যক্তিরা তাঁদের সফলতার প্রশংসায় আবেগপ্রবণ না হয়ে বরং আনন্দের সাথে আরো কিছু দিতে পারাকে সবিশেষ কাজ মনে করে নিয়তই কর্মমুখীতার সাথে জীবন যাপন করে চলেছেন- তা্দরেই একজন আজকের ‘আমাদের অহংকার’।   
তৎকালীন জুরি বোর্ডের কর্মকর্তা, জমিদার পরিবারে জন্মগ্রহণ করা সত্বেও অহমিকা যাঁকে স্পর্শ করতে পারেনি তিনি প্রয়াত চিত্তরঞ্জন চৌধুরী। তাঁর সহধর্মিনী ছিলেন প্রয়াত সুপ্রভা চৌধুরী। তাঁদের ছয় সন্তান। বাবা-মা’র সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও তাঁদের ন্যায়ের প্রতি অবিচল থাকার আদর্শকে ধারণ করেই সন্তানদের জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটে। প্রত্যেকটি সন্তান উচ্চ শিক্ষা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এই মহৎ দম্পতির সপ্তম সন্তানের নাম সঞ্চিতা চৌধুরী এবং তাঁকে নিয়েই আজকের এই ক্ষদ্র প্রয়াস।
বালিকা বেলায় সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ১৯৬৬। তারপর সুনামগঞ্জ কলেজের ছাত্রী হিসাবে স্নাতক ১৯৭২। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে  বি এড প্রশিক্ষণ ১৯৮৪।
শিক্ষকতা পেশায় ব্রতী হয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান ১৯৭৩। দীর্ঘ সাত বৎসর আন্তরিকতার সাথে নিজ যোগ্যতা ও দক্ষতার প্রয়োগে বিদ্যালয়টির সার্বিক উন্নতি সাধনের পর চাকরি ছেড়ে সুনামগঞ্জে বসবাসকালে শ্রদ্ধেয় প্রয়াত দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরীর অনুরোধে নবনির্মিত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনা বেতনে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। যারা পড়াশুনা ছেড়ে গৃহকাজে মনোনিবেশে জীবন যাপন করছিল সেইসব ছাত্রীদের ঘরে ঘরে অনুসন্ধান চালিয়ে বিদ্যলয়ে ভর্তি করে শুরু হলো বিদ্যালয়টির পথচলা। কয়েক বৎসরের মধ্যেই ভর্তির লক্ষ্যমাত্রা সন্তোষজনক হারে পৌঁছার পর ৩৫০ টাকা বেতনে আরোও কয়েক বৎসর চলার শেষে উচ্চতর পর্যয়ে উন্নতি লাভে নির্দিষ্ট ক্যাটাগরিতে বেতনস্কেল প্রাপ্তিতে ৫৭বৎসর বয়সে বিগত ৩০শে ডিসেম্বর ২০১১, তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। পেশাগত জীবনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও একটি বিষয়ে মাস্টার ট্র্রেনার হিসেবে কাজ করেন এবং বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগে শ্রেষ্ঠ গার্লস গাইডের স্বীকৃতি লাভ করেন।
সতীশের তৎকালীন প্রধান শিক্ষক সুরেশ আচার্য্য স্যারের আদেশে নবম শ্রেণীতে পড়ার সময় ফাস্ট এইড প্রশিক্ষণ নিয়েছিলেন কারণ তখনই যুদ্ধ য়ুদ্ধ একটা পরিস্থিতি বিরাজ করছিল। সেই পরিস্থিতিতে পারিপার্শিক পরিবেশে হরতালকে সফল করতে ছাত্রীদের পিকেটিংয়ের দায়িত্ব পালন করেন। ছাত্র ইউনিয়নের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তাঁর সাথে আরোও ছিলেন নিরুপমা দে, নুরজাহান বেগম, কাবেরী রায়, ঝরা চৌধুরী ও দিলারা বেগম। যুদ্ধের পর প্রয়াত দিপালী চক্রবর্তীর সাথে রিলিফ বিতরণে শহরের গণ্যমান্য ব্যক্তিরাসহ তিনিও প্রত্যন্ত এলাকায় গিয়ে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এভাবেই সামাজিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। ছাত্রজীবনে সুনামগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠালগ্নে এই সংগঠনটির কর্মী হিসেবে প্রবেশ করে  সংগঠনটিকে সংগঠিত করার প্রয়াসে বিচ্ছিন্ন কর্মকান্ডে যোগ দিতেন যার মূল দায়িত্বে ছিলেন কিরণ বালা দেব, জ্যোস্না দত্ত, সবিতা শ্যাম, খালেদা ওয়াহাব প্রমুখ। পরবর্তীতে কোষাধ্যক্ষ ও আন্দোলন সম্পাদকের দায়িত্বের পর বর্তমানে সহ সভাপতি হিসেবে এই সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখায় রয়েছেন। তাছাড়া উদীচীর সহ সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে জেন্ডার কমিটির আহ্বায়ক হয়ে কাজ করছেন।
জীবনের সুখ-স্মৃতিতে বিশেষ স্মরণীয় হয়ে আছে ১৯৯৪ এর একটি বিশেষ দিন। সমাজসেবী প্রদ্ধেয় প্রয়াত রাবেয়া বারী চৌধুরীর ডাকে সাড়া দিয়ে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধাারণ সম্পাদক মনোনীত হন। মিসেস বারী বলেছিলেন, ‘তুমিই পারবে মেয়েদের খেলার উন্নতি করতে।’ সত্যিই আজ উনার কথার স্বার্থকতা দৃশ্যমান। সেইসথে সঞ্চিতা চৌধুরীর স্বস্বি ও শান্তি মিলেমিশে সুখস্মৃতিতে মনের মনিকোঠায় স্থায়ী আসন পেতে নিয়েছে।
সক্রিয়তার সাথে আন্তরিকার সংযোগে দৃঢ়চেতা মনোভাবকে ধারণ করে ডিজিটাল সোনার বাংলা গঠনে ভূমিকা পালনের জন্য প্রজন্মের প্রতি প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
নিবেদিতপ্রাণ একনিষ্ঠ কর্মী, সফল সমজসেবী ও সংগঠক, অসংগতিকে সংগতি স্থাপনে দৃঢ় পদচারণায় সদা ব্যস্ত -অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, সর্বোপরি বর্তমানে সতীশের পঁচাত্তর বৎসর উদযাপন কমিটির সদস্য সচিব, প্রিয় দিদি সঞ্চিতা চৌধুরীকে জানাই বিনম্র অভিবাদন।