রোমেনা লেইস
অধ্যাপক ডাঃ শামীমা আকতার
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে। শামীম বলেই ডাকি আমরা তাকে। ১৯৯০ সালে আমার ছোট বোন রুনার জন্য চার ব্যাগ রক্তের প্রয়োজন হয় তখন শামীম সিলেট মেডিক্যালে পড়তো। খবর পেয়েই শামীম তার সহপাঠীদের নিয়ে ছুটে আসলো। ক্রসম্যাচিং করার পর শামীম আর লস্কর রুনাকে দুই ব্যাগ রক্ত দিয়েছিলো। শামীমা আখতার, সুনামগঞ্জের ডাঃ হারিসউদ্দিন ও হাসিনা বেগমের পঞ্চম সন্তান। অত্যন্ত মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত। ১৯৮৩ সালে এস.এস.সি পাশ করেছেন এস সি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৮৫ সালে এইচ.এস.সি সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে। ১৯৯২ সালে এম.বি.বি.এস পাশ করেন সিলেট মেডিক্যাল কলেজ থেকে। ১৯৯৪ সালে পঞ্চদশ বিসিএসএ উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরিতে যোগ দেন। ১৯৯৫ সালে ডাঃ মোঃ তারেক আজাদকে বিয়ে করেন। প্রথম পোস্টিং ছিল সুনামগঞ্জের সদর উপজেলা হেল্থ কমপ্লেক্সে । এই কেন্দ্রে যোগদান ছিল তার জন্য খুবই আবেগময়। কারণ সেখানে তার আব্বারও পোস্টিং ছিল। সেখান থেকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি তিন জেলায় একমাত্র মহিলা ডাক্তার হিসাবে ১৯৯৭ -১৯৯৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। খাগড়াছড়িতে থাকাকালীন তার খুব ইচ্ছে ছিল চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হওয়ার। কারণ চর্ম ও যৌন রোগে মেয়ে ডাক্তারও খুব বেশী ছিলো না তখন । তাই কাউকে দেখাতে না পেরে মেয়েদের অনেক কষ্ট করতে দেখেছেন। এই লক্ষ্য নিয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন।
২০০০ সালে চর্ম ও যৌন রোগে ডিপ্লোমা প্রাপ্ত হন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে । উল্লেখ্য যে উক্ত পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। পরীক্ষায় পাশ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০০০ সালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এফসিপিএস ডিগ্রি নেন। সুনামগঞ্জের গর্ব ,সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এর গর্ব অধ্যাপক ডাক্তার শামীমা আখতার। আমাদের নক্ষত্র। সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৭ সাল পর্যন্ত মোট বার বৎসর সরকারী চাকুরি করার পর সেখান থেকে পদত্যাগ করে সিলেটের বেসরকারি মেডিক্যাল কলেজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে পদোন্নতি পেয়ে বর্তমানে অধ্যাপক পদমর্যাদায় একই প্রতিষ্ঠানে চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত। ওসমানীতে থাকার সময় থেকেই শামীমা ডিপ্লোমা কোর্সের শিক্ষক ছিলেন। পরে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জন (বিসিপিএস) এর শিক্ষক হিসাবে এফসিপিএস (চর্ম ও যৌন রোগ বিভাগ) এর পরীক্ষক নিয়োজিত হন। তার খুব দুঃখ তার আব্বা তখন মৃত্যুশয্যায়। তার এই আনন্দ তার আব্বার সাথে শেয়ার করার সৌভাগ্য হয়নি। এছাড়াও ২০০৮ সাল থেকে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত। শামীমা সময় সুযোগ পেলে বেড়াতে বের হন পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে। মালয়েশিয়া, দুবাই, নেপাল ভিয়েতনাম, সিংগাপুর, মক্কা, মদিনা, জেদ্দা, আবুধাবি ও ভারত ভ্রমণ করেছেন। দুই সন্তানের জন্মদিন চার বৎসরের ব্যবধানে একই দিনে ২৯ শে ডিসেম্বরে- এটি শামীমার সুখের স্মৃতি। “তোমরা ভিতরে-বাহিরে, মননে, ভাল মানুষ হও। নিজের কাছের মানুষ ও দূরের, সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও। একা না, সবাইকে নিয়ে সুখী হও। মেয়ে বলে কখনো নিজেকে দুর্বল বা কম মেধাবী মনে করবে না। নূতন প্রজন্মের কাছে শামীমার এটাই প্রত্যাশা। শামীমার জীবন আরো উজ্জ্বল ও সফলতায় ভরে উঠুক।


