দিলরুবা ফেরদৌস লিমন
সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী সন্নিকটে। সময়ের হিসেবে ৭৫ বছর একটি দীর্ঘ ইতিহাস। ৫ বছর পরপরই একটি ব্যাচের সমাপ্তি ঘটে। প্রতিটি ছাত্র জীবনেই স্কুল জীবনটা মধুর হয়ে থাকে। প্রকৃত বন্ধুদের দেখা মিলে স্কুল জীবনেই। তারপর সময়ের প্রয়োজনেই দেশে-বিদেশে ছড়িয়ে পড়তে হয়। কারো শিক্ষা জীবন শেষ হয়, আবার অনেকেই সংসার নামক মায়া জালে বন্দী হয়ে কাটিয়ে দিতে হয় সারা জীবন। লেখালেখি কোন সময়ই তেমনভাবে করা হয়ে উঠেনি। দৈনিক সুনামগঞ্জের খবরে অনলাইনে প্রায়ই আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তীর লেখাগুলো পড়তে পড়তে স্মৃতিকাতর হয়ে পড়ি। মনে পড়ে যায় গত শতাব্দীর শেষ কয়েক বছরের স্মৃতিকথা। ১৯৯৪ সালে ৬ষ্ঠ শ্রেণিতে এসসি স্কুলে ভর্তি হই। আমাদের এসএসসি ১৯৯৯ সালে। তাই ব্যাচ ’৯৯ সাল হিসেবে আমরা পরিচিত। আমার বান্ধবীদের কথা খুব বলতে ইচ্ছে করছে। ব্যাচ ’৯৯ এ আমাদের গ্রুপটা বড় ছিল। ফৌজি, লোপা, এমি, জেনি, আতিয়া, তাঞ্জিনা, সুবর্ণা, জুঁই, তানিয়া আরো অনেকেই। সময়ের ¯্রােতে অনেকেই হারিয়ে গেছে। সবাই তার নিজস্ব জগৎ নিয়ে ব্যস্ত। আবার আধুনিক যুগে অনেকের সঙ্গেই ফেসবুকে যোগাযোগ হয়। কিন্তু সবাইকে খুব মিস করি। সব সময়ই ভাবি যে যেখানে থাকুক ভালো থাকুক। প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও কোন সময়ই ভুলতে পারিনি আমাদের স্যার ও আপাদের কথা। উনাদের কথা সব সময়ই মনে পড়ে। তখন মোবাইলের যুগ ছিল না। উনারা প্রত্যেকেই আমাদের সঠিক উপদেশ এবং সব সময় উৎসাহ দিয়েছেন ভালো রেজাল্ট করার জন্য। মনে পড়ে মুক্তা আপা, নন্দিতা দিদি, নমিতা দিদি, জাকির স্যার, কামাল স্যার, অসিম স্যার, অঞ্জন স্যার সবার কথা। সব সময়ই মনে রাখব উনাদের আন্তরিকতা, সহযোগিতা ও উৎসাহের কথা।
সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের জন্য আমরা গর্ববোধ করি। খুব ইচ্ছে ছিল স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকব। কিন্তু ইচ্ছে থাকলেও সম্ভব নয়। তবে দূর পরবাসে থেকেও স্কুলের সুনাম বৃদ্ধি পায় এমন কথাই ভাবি সব সময়। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যাদের পরিশ্রমে সফল হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা।
লেখক: ব্যাচ ১৯৯৯, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়,
চেষ্টার, লন্ডন, ইউকে।


