স্টাফ রিপোর্টার
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় কৈশোরকালীন পুষ্টি, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বাল্য বিয়ে ও আত্মরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
সদর উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকার সহায়তায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশুক রঞ্জন পুরকায়াস্থ, সিলেট জাইকার ফ্যাসিলেটর শেখ আব্দুর রব প্রমুখ।
কর্মশালায় সুনামগঞ্জ সদর উপজেলা বিভিন্ন বিদ্যালয় থেকে ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করেন।
কৈশোরকালীন পুষ্টি, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বাল্য বিয়ে ও আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সূচনা বক্তব্যে মোহাম্মাদ জাকির হোসেন বলেন, বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলোর মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোই প্রথমে চোখে পড়ে। এই পরিবর্তন দেখলেই বোঝা যায় যে কারো বয়ঃসন্ধিকাল চলছে। এসময় শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের সচেতনতা অবলম্বন করতে হয়। এসময় অনেকের পরিবার বাল্য বিয়ের আয়োজন করেন। বাল্য বিয়ের কুফল সম্পর্কে পরিবারের সদস্যদের সচেতন করতে হবে। রাস্তাঘাটে কোনো অনাকাঙ্খিত ঘটনার শিকার হলে বাবা মায়ের সঙ্গে আলাপ করতে হবে। এছাড়াও স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।


