স্টাফ রিপোর্টার
জেলার দোয়ারাবাজার, সদর ও দক্ষিণ সুনামগঞ্জের ২৬ টি ইউনিয়নের নির্বাচন ২৩ এপ্রিল। এই মাসের (মার্চের) মাঝামাঝি সময়েই মনোনয়ন দাখিল করবেন এই ২৬ ইউনিয়নের প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপি এই ২৬ টি ইউনিয়নে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এ সপ্তাহের মধ্যেই বলে জানিয়েছেন দলীয় দায়িত্বশীলরা। আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা আগামীকাল (মঙ্গলবার) দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
জানা গেছে এই তিন উপজেলার ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ৮৮ জন সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আজ (সোমবার) হস্তান্তর করা হবে। এই তালিকা সম্ভব হলে আরো ছোট করে দলীয় সভানেত্রীর কাছে মঙ্গলবার তুলে দেবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিএনপি’র তালিকা আওয়ামী লীগের তুলনায় ছোট। ২৬ ইউনিয়নে ২৬ জনের নাম চূড়ান্ত করেই কেন্দ্রে পাঠাবেন জেলা নেতারা। বিএনপি’র উপজেলা ও জেলার দায়িত্বশীলরা বলেছেন,‘৪-৫ দিনের মধ্যেই তালিকা চূড়ান্ত
হবে’।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেছেন,‘৯ ইউনিয়নে ৫০ জনের মতো সম্ভাব্য প্রার্থী জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্য থেকে ২০-২৫ জনের নাম জেলা সভাপতি ও সম্পাদকের কাছে আজ (সোমবার) জমা দেব আমরা, জেলা নেতৃত্ব এই তালিকা অথবা আরো ছোট করে তালিকা তৈরি করে দলীয় সভানেত্রীর দপ্তরে জমা দিতে পারেন’।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন,‘দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নে ৫০ জনের মতো প্রার্থীর নাম তৃণমূলের মতামতের ভিত্তিতে জেলা নেতৃবৃন্দের কাছে আজ (সোমবার) জমা দেব আমরা, জেলা নেতৃবৃন্দ বা দলীয় সভানেত্রী যাকেই প্রার্থী মনোনয়ন দেবেন, সকলেই তার পক্ষে থাকবেন বলেও সিদ্ধান্ত দিয়েছেন’।
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেছেন,‘উপজেলার ৯ ইউনিয়নে ১৮ জনের তালিকা করেছি আমরা, কোন ইউনিয়নে ১ জন, আবার কোন ইউনিয়নে ৩ জনের নামও এসেছে, তবে যাকেই দলীয় প্রার্থী করা হবে, সকলেই তাকে মেনে নেবেন, আজ (সোমবার) তালিকা জেলা নেতাদের হাতে তুলে দেওয়া হবে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘ইউনিয়ন ও উপজেলা কমিটির তালিকা আজ (সোমবার) নিয়ে বসবো, তাঁদের তালিকা যাচাই-বাছাই করে দলীয় সভানেত্রীর কাছে তুলে দেওয়া হবে’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘ইউনিয়ন কমিটি থেকে আসবে উপজেলা কমিটিতে, উপজেলা কমিটি ৩ জনের নাম চূড়ান্ত করে আমাদের কাছে জমা দেবেন। কোন আপত্তি না থাকলে সেটিই আমরা চূড়ান্ত করবো, আপত্তি থাকলে সমাধানের চেষ্টা করবো, কোথাও যাতে বিদ্রোহী না হয়, সেই চেষ্টা করবো’।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ বলেন,‘৮ ইউনিয়নে ৮ জনের তালিকা তৈরি করে ৩-৪ দিনের মধ্যেই জেলা নেতাদের দেব আমরা’।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর আলীও বললেন ৯ জনের তালিকাই ৪-৫ দিনের মধ্যে জেলা নেতাদের দেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ছাতক ও দোয়ারাবাজারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘দোয়ারাবাজারেও ৯ ইউনিয়নে ৯ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হবে, আমরা চেষ্টা করবো সদর, দক্ষিণ ও দোয়ারাবাজারের কোন ইউনিয়নেই যাতে বিদ্রোহী প্রার্থী না হয়’।
- জেলা যুবলীগের রাজনীতি মুকুট, জগলুল ও ইমন বলয়ে নতুন কমিটি গঠনের তৎপরতা
- অভিযুক্তের পক্ষে সংবাদ সম্মেলন


