স্টাফ রিপোর্টার
তৃতীয় দফার ২৬ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠলেও বিএনপি এখনো দলীয় মনোনয়নই নিশ্চিত করেনি। তবে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্রে জানা গেছে দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের, দোয়ারাবাজার উপজেলার কয়েকটি ইউনিয়নের তালিকা চূড়ান্ত হয়েছে এবং সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক আকবর আলী উপজেলার ৯ টি ইউনিয়নের তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। এই উপজেলার ৯ ইউনিয়নের আরো দুটি তালিকা সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন এবং সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য আসম খালেদ জেলা নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রে জমা দেবেন। দলীয় দায়িত্বশীল একজন নেতা এই তথ্য জানিয়েছেন। ঐ নেতা আগামী ২৪ মার্চ দলীয় মনোনীতদের চিঠি পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার ২৬ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর তালিকা ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৮ মার্চ সন্ধায় জেলা নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির জেলা নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় কাউন্সিলের জন্য সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা ব্যস্ত থাকায় এই ২৬ ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিলম্ব হয়েছে তাদের।
তবে সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জে দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রস্তুত হয়েছে। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে এই তালিকাও তুলে দেওয়া হয়েছে। অন্য আরেকটি তালিকা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির বিদ্রোহী অংশের নেতারা কেন্দ্রে জমা দেবার চেষ্টা করছেন।
দলীয় সূত্র জানায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রদানের জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে, এরা হলেন-পাথারিয়া ইউনিয়নে আমিনুর রশিদ আমিন, জয়কলস ইউনিয়নে মো. সিরাজ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নে আজিজুর রহমান, পূর্ব বীরগাঁও ইউনিয়নে তোফায়েল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়নে আবু তাহের, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে এমদাদ আহমদ স্বপন ও শিমুলবাক ইউনিয়নে সৈয়দুর রহমান। এদের নাম দলীয় মনোনয়নের জন্য চূড়ান্ত না হলেও জেলা এবং কেন্দ্রে বিবেচনাধীন রয়েছে।
দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নের কয়েকটিতে সিদ্ধান্তে চূড়ান্ত হলেও বেশিরভাগ ইউনিয়নে এখনো দুটি নাম নিয়ে দলের দুই দায়িত্বশীল জেলা ও কেন্দ্রীয় নেতার মধ্যে আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, যে সব ইউনিয়নে একজনের নাম চূড়ান্ত হয়েছে এরা হলেন- দোয়ারাবাজার সদর ইউনিয়নে এম.এ বারী, নরসিংপুরে শামছুল হক নমু, বোগলাবাজার ইউনিয়নে আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউনিয়নে মো. শাজাহান ও মো. হারুন অর রশিদ, বাংলাবাজার ইউনিয়নে আব্দুর রহিম ও খুর্শেদ আলম, পান্ডারগাঁও ইউনিয়নে ফারুক আহমদ ও আব্দুশ শহীদ, লক্ষীপুর ইউনিয়নে খলিলুর রহমান ও হারুনুর রশীদ`মান্নারগাঁও ইউনিয়নে আবু হেনা আজিজ ও ইসমাইল হোসেন এবং দোহালিয়া ইউনিয়নে ফখর উদ্দিনের নামই আলোচনায় রয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নে দলীয় মনোনয়ন দেবার অনুরোধ জানিয়ে সদর উপজেলা আহ্বায়ক আকবর আলী একটি তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। এই উপজেলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য আসম খালেদ পৃথক পৃথক তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় দায়িত্বশীলদের দিতে পারেন বলেও দলীয় একাধিক নেতা জানিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘তৃতীয় দফার ২৬ ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থীদের হাতে ৩-৪ দিনের মধ্যেই চিঠি তুলে দেবার চেষ্টা করবো আমরা, কোন কোন ইউনিয়নে প্রার্থীতা চূড়ান্ত হয়েছে, আবার কোন কোন ইউনিয়নে প্রক্রিয়া চলছে, দলীয় দায়িত্বশীলরা কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় এসব ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করতে বিলম্ব হয়েছে’।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘আমি কেবল পোস্ট অফিসের দায়িত্ব পালন করছি, দলের কেন্দ্রীয় নেতারা প্রার্থী চূড়ান্তকরণের চিঠি আমার হাতে তুলে দিলে-আমি প্রার্থীদের হাতে তুলে দেওয়ার কাজ করবো, দলের দায়িত্বশীলরাই প্রার্থী চূড়ান্ত করবেন’।


