স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথ হাসপাতালের ডিসপেনসারির সামনে থাকায় ঝুঁকি নিয়ে ওষুধ নিতে হচ্ছে সাধারণ রোগীদের। ডিসপেনসারির পাশেই চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের টুকা (স্লিপ) দেয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী ৫ টাকা দামের এই স্লিপ সংগ্রহ না করে ডাক্তার দেখানো সম্ভব নয়। রোগীর সমস্যা অনুযায়ী ডাক্তারের কাছে রেফার করা হয় এখান থেকে। রোগী দেখে ডাক্তার স্লিপে ঔষধ দেয়ার পর একই জায়গায় অবস্থিত ডিসপেনসারিতে আসতে হয় রোগীদের। ফলে হাসপাতালের এ জায়গাটিতে সব সময় ভিড় দেখা যায়। এখান থেকে করোনা সক্রমণেরও ঝুঁকি থেকে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিসপেনসারির সামনে করোনার নমুনা দেয়ার বুথ হওয়ায় সাধারণ রোগী ও করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের একসাথেই বসে থাকতে হচ্ছে। সাধারণ রোগীরা জানেন না, পাশের বুথে করোনা উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। সিংহভাগ রোগীদের মাস্ক পরাও নেই।
এদিকে, উপসর্গ নিয়ে বসে থাকা রোগীদের থেকে নমুনা সংগ্রহ করতে কর্তৃপক্ষের ধীর গতির কারণে স্বাস্থ্যঝুঁকির কথা জানালেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
শহরের হাসন নগর এলাকার বাসিন্দা সাজুল মিয়া বলেন, আমার বোনের জামাইকে নিয়ে করোনা টেস্ট করবার জন্য এসেছি। অনেকক্ষণ যাবৎ বসে আছি। দুনিয়াজুড়ে করোনায় আতঙ্খিত হলেও হাসপাতালের এই জায়গায় করোনা বলে কিছু নেই বলে মনে হচ্ছে। আমাদের বলা হলো, সাধারণ রোগীদের সঙ্গে বসে থাকতে। আমরা অপেক্ষা করছি।
শহরতলীর ওয়েজখালীর বাসিন্দা আফাজ মিয়া। হাতের তালু ও ঘাড়ে কালো দাগ হয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছেন। লাইনে দাঁড়িয়ে টুকা (স্লিপ) সংগ্রহ করেছেন।
পাশের বুথটিতে করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহ করা হয় শুনে তিনি বলেন, আমার করোনার উপসর্গ নেই। অন্য শারীরিক সমস্যার জন্য এসেছি। এখন দেখছি করোনা সঙ্গে নিয়ে বাড়ি যেতে হবে। সবাই এখানে একসঙ্গে বসে আছেন। এটাতো যুক্তিসংগত নয়। করোনা উপসর্গ থাকা রোগীদের আলাদা বসার ব্যবস্থা করা দরকার।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, করোনার নমুনা সংগ্রহ করার বুথ স্থাপনের জন্য হাসপাতালে উপযুক্ত কোনো জায়গা নেই। অনেক ভেবে এমপি মহোদয়কে নিয়ে আমরা এই জায়গাটি নির্বাচন করেছি। বুথের পাশে বসার কোনো নিয়ম নেই। করোনার উপসর্গ থাকা ব্যক্তি ফরম পূরণ করার পর বুথে গেলে সঙ্গে সঙ্গে নমুনা নেয়ার কথা। বিষয়টি আমি দেখবো।
- সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে প্রচারণা
- ড্রাই প্রসেসের মাধ্যমে ছাতক সিমেন্ট কারখানাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে- আব্দুস শহিদ এমপি


