সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ।
বৃহস্পতিবার সনাক সভাপতি ধূর্জটি কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়-করোনাভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাংলাদেশে আশংকাজনক পর্যায়ে রয়েছে। করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত গ্রহণযোগ্য প্রতিষেধক এবং ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় বিশাল জনগোষ্ঠি আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এবং সুনামগঞ্জ জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, জেলায় এ পর্যন্ত ১৪৬১ জন আক্রান্ত হয়েছেন এবং ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এমন অনাকাংখিত বাস্তবতায় দুঃখজনক হলেও সত্য, সুনামগঞ্জে করোনাভাইরাস (কোভিড -১৯) পরীক্ষার জন্য কোনো ল্যাব নেই। এ জেলা থেকে করোনাভাইরাস এর নমুনা সংগ্রহের পর সেটি বিভাগীয় শহর সিলেট হতে পরীক্ষা করে ফলাফল আসতে কখনো কখনো ৮-১০ দিন সময় লেগে যাচ্ছে। নমুনা পরীক্ষার ফলাফল সুনামগঞ্জে পৌছানোর ক্ষেত্রে দীর্ঘ সময় লাগায় নমুনা প্রদানকারীদের মধ্যে আক্রান্ত রোগীর সুস্থ্য হওয়া যেমন বিলম্বিত হচ্ছে তেমনি আক্রান্ত ব্যক্তি পরিবারের সদস্য ও অন্যান্যদের সংস্পর্শে থাকায় সংক্রমনের ঝুঁকি বাড়ছে। এতে জনমনে আতংকও তৈরী হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে বিশ^ স্বাস্থ্যসংস্থার প্রস্তাব অনুযায়ী ব্যাপক মাত্রায় পরীক্ষার বিকল্প নেই।
এমতাবস্থায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর পক্ষ হতে জনস্বার্থে জোর দাবি জানাচ্ছি। সনাক সুনামগঞ্জ প্রত্যাশা করে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে জেলায় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
প্রেস বিজ্ঞপ্তি


