সদস্য প্রার্থীদের টাকা দেওয়া নেওয়া নিয়ে মারপিট-বিচার শালিস শুরু হয়েছে

বিশেষ প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনার টাকা ফেরৎ দেওয়া-নেওয়া নিয়ে জেলাজুড়ে মারপিট, বিচার-শালিস চলছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত সদস্য প্রার্থীদের বেশিরভাগই এখন মারমুখী। কেউ কেউ বলেছেন,‘ভোট যেহেতু দেয়নি, যেসব জনপ্রতিনিধিরা ভোটের দাম নিয়েছে, সেটি ফেরৎ না দিলে মারপিট করবোই’।
গত ৩১ ডিসেম্বর জেলার দক্ষিণ সুনামগঞ্জের আক্তাপাড়া বাজারে বাজার কমিটির শালিসের মাধ্যমে ভোটের টাকা ফেরতের দাবী জানান পরাজিত ইউপি সদস্যরা। প্রার্থীরা পূর্ব বীরগাঁও ইউপি সদস্য নূর কালাম ও আরও কয়েকজন ইউপি সদস্যের কাছে ভোট কেনার টাকা ফেরৎ চান।
অবশ্য পূর্ববীরগাঁও ইউপি চেয়ারম্যান নূর কালাম বলেছেন,‘আমি এমন কাজ করি নি, কেউ সালামি হিসাবে, আমাকে জোরপূর্বক কিছু দিয়ে থাকলেও আমি তা নির্বাচনের পর পরই ফিরিয়ে দিয়েছি। আমার অবস্থান একদম স্বচ্ছ। কারো সঙ্গে কোন সদস্যদের দেনা পাওনা থাকলে আমি তা মিমাংসা করে দেব’।
ভোট দেবার কথা বলে টাকা নিয়ে ভোট না দেওয়ায় জেলার বিশ্বম্ভরপুরে ২ ইউপি সদস্যকে সোমবার মারপিট করেছে জেলা পরিষদের  পরাজিত সদস্য প্রার্থী সাজু মাস্টারের আত্মীয় স্বজনরা।
সাজু মাস্টার বলেন, ‘নির্বাচনের সময় ভোট দেবার কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য আব্দুস সামাদ ৩০ হাজার এবং ইউপি সদস্য রতন চন্দ্র দাস ৭ হাজার করে টাকা নিয়েছে। অথচ. তারা আমাকে ভোট দেয়নি। আমার ভাতিজা আজ (সোমবার) দু’জনের কাছেই টাকা ফেরৎ চেয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে’। সাজু মাস্টার অবশ্য বলেছেন,‘পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে আমি কোন টাকা দেইনি’।
এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি সদস্য রতন চন্দ্র দাস ও আব্দুস সামাদের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও এরা দুজনই ফোন রিসিভ করেননি।
পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন,‘ভোট দেবার কথা বলে টাকা নেবার কথা সত্য নয়। সাজু মাস্টারের ভাতিজা অন্য কিসের টাকা পেত, এ নিয়ে ঝামেলা হয়েছে।’
দোয়ারাবাজারে পরাজিত সদস্য প্রার্থীর স্বজনরা ভোট না দেওয়ায় কয়েকজন ইউপি সদস্যকে মুঠোফোনে হুমকি দেবার ঘটনায় থানায় জিডি হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জেলা পরিষদের পরাজিত সদস্য প্রার্থী আব্দুল মজিদ বলেন,‘ভোট কেনার জন্য ৩ লাখ টাকা দিয়েছিলাম। ভোট দেয়নি, সুতরাং ভোটের পরের দিন থেকেই বলছি, টাকা ফেরৎ দাও, না হয় মার খেতে হবে। দেড় লাখ টাকার মতো ফেরৎ পেয়েছি। সদর উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ১৫ হাজার টাকা নিয়েছে। ফেরৎ দেবে বলছে, এখনও ফেরৎ দেয়নি।’
ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার অবশ্য বলেছেন,‘আমি কারও কাছ থেকে টাকা নেইনি। যারা বলছে মিথ্যা কথা বলছে। আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব বলছে’।
জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম বলেন,‘টাকা পয়সা যারা দিয়েছে তারাও দোষী, যারা নিয়েছে তারাও দোষী। আইন-শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন এ বিষয়ে তৎপর রয়েছে। তবে এসব লেনদেনের কোন ডকুমেন্ট পাওয়া যায় না। নির্বাচনের আগের দিন একজনকে আড়াই লাখ টাকা ও লিফলেটসহ পাওয়া গিয়েছিল। তাকে ৭ দিনের দ- দেওয়া হয়েছে’।