স্টাফ রিপোর্টার
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে মঙ্গল শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মঙ্গল শুভাযাত্রার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান (এমপি)। শহরের কেন্দ্রীয় কালীবাড়ী নাটমন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শুভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ী নাটমন্দিরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেন,‘ দুষ্টের দমন ও ধর্ম প্রতিষ্ঠায় যুগে যুগেই মহাপুরুষগণ এই পৃথিবীতে এসেছেন। তারা সমাজে ধর্ম, মানবতা
ও শান্তি প্রতিষ্ঠা করে গেছেন।’ তিনি আরো বলেন,‘ সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা ও প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ জঙ্গিবাদ ও সন্ত্রাসে বিশ্বাসী নয়। বর্তমান সরকার শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস-জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করা হচ্ছে। ’
কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায় ও বিমান রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসন (সুনামগঞ্জ-মৌলভীবাজার) এর সংসদ সদস্য অ্যাড. শামছুনাহার বেগম শাহানা রব্বানী, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, বিশিষ্ট লেখক ও আইনজীবী স্বপন কুমার দেব, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
এদিকে দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসন (সুনামগঞ্জ-মৌলভীবাজার) এর সংসদ সদস্য অ্যাড. শামছুনাহার বেগম শাহানা রব্বানী, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল আলম, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ লালন, বিশিষ্ট লেখক ও আইনজীবী স্বপন কুমার দেব, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিপক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, পৌর কাউন্সিলার চঞ্চল কুমার লৌহ প্রমুখ। অতিথিগণ এর আগে সকালে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের মঙ্গল শুভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে নতুনপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির থেকে মঙ্গলবার শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সন্ধ্যায় ভক্তিগীতি ও বৈঠকী কির্ত্তন, শ্রীমদভাগবত প্রবচন, নামকীর্ত্তন এবং রাত ১২.১মি. বৈদিক স্ত্রোত্র পাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করা হয়।


