সবার আগে প্লে অফে মুস্তাফিজের হায়দরাবাদ

সু.খবর ডেস্ক
যুবরাজ সিং আর ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ের কাছে বৃথা গেল হাশিম আমলার ৯৬ রানের ইনিংস। কিংস ইলেভেনকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের এবারের আসরের প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
চণ্ডিগড়ে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৯ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মুস্তাফিজের হায়দরাবাদ।
১৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উইকেটে এসেই ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার। প্রথম ৮ ওভারেই ৬৮ রান তুলে নেয় হায়দরাবাদের দুই ওপেনার। আউট হবার আগে ২২ বলে ২৫ রান করেন ধাওয়ান।
এরপর দলীয় ৯৭ রানে ৪১ বলে ৫২ রান করে বিদায় নেন ওয়ার্নার। এই সময় হারের শঙ্কা জেঁকে ধরে হায়দরাবাদকে। তবে ব্যাটিংয়ে নেমেই পাঞ্জাবের বোলারদের আক্রমণ করে বসেন যুবরাজ সিং।
মাত্র ২৪ বলে ৩ চার ও একটি ছয়ে ৪২ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন যুবি।
এর আগে হাশিম আমলার ৯৬ রানের সুবাদে ৪ উইকেটে ১৭৯ রান করে পাঞ্জাব। ৩২ রানে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। মুস্তাফিজ নেন একটি উইকেট।