সু.খবর ডেস্ক
সুপার টেনের চারটি ম্যাচ জিতেই ফেভারিটের মতো সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। গেইলের ব্যাটের কাছে না হারলে সবগুলো ম্যাচ জিততে পারতো ইংল্যান্ডও। আজ দিল্লিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। দিল্লি জয় করে কে যাবে কলকাতায় সেটা সময়ই বলে দেবে। তবে এটা বলা যেতে পারে যে, আজ ইংল্যান্ডের ব্যাটিংয়ের সাথে লড়াইটা হবে কিউইদের বোলিংয়ের।
কারণটাও স্পস্ট। টানা চার ম্যাচ জিতলেও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি। সবোর্চ্চ ১২৫ রান করেছেন মার্টিন গাপটিল। অবশ্য কেবল ৩টি ম্যাচ খেলেছেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সবোর্চ্চ রান অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯১!
প্রতিটি ম্যাচে নিউজিল্যান্ডকে জিতিয়েছেন তাদের বোলাররা। স্যান্টনার-সোধি মিলে প্রথম ম্যাচে গুড়িয়ে দেন ভারতকে। দ্বিতীয় ম্যাচে ম্যাকক্লেঘান-অ্যান্ডারসর আর সেই স্যান্টনার দিলে অজিদের বিপক্ষে ৮ রানে জয় এনে দেয় কিউইদের। ভালো শুরু করেও পাকিস্তান শেষ পর্যন্ত জিততে পারেনি কারণটা নিউজিল্যান্ডের বোলারদের আটসাট বোলিং।
আর শেষ ম্যাচে এলিয়ট-সোধিরা তো বাংলাদেশকে নড়াচড়ারও জায়গা দেননি। রানের দিক থেকে দলীয় পারফরম্যান্সটাও খুব একটা ভালো নয় কিউইদের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছিলেন গাপটিলরা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গাপটিলের ৮০ রানে ভর করে কিউইরা করেছিল ১৮০।
তবে মাটিতে নামতে সময় বেশি লাগেনি। পরের ম্যাচে আবার ব্যাটিংয়ের দৈন্যদশা। বাংলাদেশের বিপক্ষে করে ১৪৫ রান।
ভিন্ন চিত্র ইংল্যান্ড শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ইংলিশরা করে ১৮২ রান। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ২২৯ রান তাড়া করে জয় তুল নেয় ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে আফগান স্পিনারদের সামনে ১৪২ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আবার ১৭১ রানের বড় স্কোর গড়ে দলটি।
তবে এই আসরে ব্যর্থ হয়েছেন ইংলিশ বোলাররা। পেসাররা ভালো করলেও জ্বলে উঠতে পারছেন না আদিল রশিদ, মঈন আলী, জো রুটরা। তাই চোখ বন্ধ করে বলা যায় ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাথে লড়াইটা হবে নিউজিল্যান্ডের বোলারদের।

