স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সহ-সভাপতি ব্যবসায়ী সবুজ দাসকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও এ বিষয়টি আলোচনায় এসেছে। এ ঘটনায় সবুজ দাস শনিবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, শনিবার বিকেলে সবুজ দাসের মোবাইল ফোনে হোয়াটআপ অ্যাপে একটি ম্যাসেজ দেয়া হয়। ম্যাসেজে লেখা হয় ‘কষ্ট করে দিনে রাতে/কত টাকা করছো কামাই/ এত টাকা কেমনে নিবা/কাফনের তো পকেট নাই’ মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো?’ লিখে নিচে কাফন পরিহিত একটি লাশেরও ছবি দেওয়া হয়। এ ঘটনায় শনিবার রাত ১০টায় সবুজ দাস সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এর আগে শনিবার রাত ৮ টায় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু যে নাম্বার থেকে ম্যাসেজটি এসেছিল (০১৭৪৯৩৩৮৬২৫) ঐ নাম্বারে ফোন দিলে ওপ্রান্ত থেকে ফোন রিসিভ করে জানায় আমি সাজিদুর রহমান সাজিদ, আমি চট্টগ্রামে আছি, আমার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জের চানপুরে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, সবুজ দাশকে মোবাইল ফোনে হুমকি দেয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ বিষয়টি উত্থাপন করে বলেন, ‘কেউ যদি ঠাট্টা করেও ম্যাসেজটি পাঠিয়ে থাকে তাহলেও বিষয়টি আমরা সিরিয়াসলি দেখতে চাই।’
পুলিশ সুপার হারুন অর রশিদও এসময় বলেন, ‘সার্বিক অবস্থা বিবেচনায় রেখে সতর্ক থাকা উচিত এবং বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
এদিকে জেলা যুবলীগ নেতা সবুজ দাসকে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমেদ, সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. রওনক আহমদ, আবুল আজাদ প্রমুখ।


