সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা শনিবার

সু.খবর ডেস্ক
সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে  শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভার আয়োজন করা হবে। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সুধীজনদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা-সমাবেশের আয়োজন করতে বলা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে সার্বিক উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।
সচিব জানান, আগেই জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ সভা আয়োজনের সরকারি নির্দেশের কথা জানানো হয়েছে।
এই নির্দেশনায় বলা হয়, শনিবার অনুষ্ঠেয় সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করতে হবে। একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্ল গাইড্স কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোচনায় আলোকপাত করতে হবে।
সভায় সব শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, কমিউনিটি লিডার, ইমাম, শিক্ষার্থী এবং গণমাধ্যাম প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইউজিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবেন।