আলী আহমদ, জগন্নাথপুর
হজরত শাহজালাল (রহ) এর অন্যতম সফর সঙ্গী শাহ সৈয়দ শামসুদ্দীন (রহ) এর স্মৃতি বিজড়িত জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মধ্যে শুরু হয় তোড়জোড়। উৎসবের অপেক্ষায় ইউনিয়নবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রবাসী অধ্যুষিত এ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আট জনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুকিতুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শেখ সালেহ আহমদ ছোট মিয়া, সাধারণ সম্পাদক সাবের কামালী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মকসুদ মিয়া কোরেশী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আজহারুল কামালী, তানভীর কামালী, যুক্তরাজ্য প্রবাসী সালেক আলী ও সৈয়দ আসাদ হোসেন চৌধুরী। এরমধ্যে সাতজন প্রবাসী প্রার্থী। এসব প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি বেশি।
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী এবার নির্বাচন করবেন না তিনি গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্রে করে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা দেখা দেয়। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে শুরু হয় প্রার্থীদের মধ্যে দৌঁড়ঝাঁপ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যে পদে সম্ভাব্য প্রার্থীরাও প্রচারে রয়েছেন।
এদিকে ক্ষমতাসীন দলের টিকিট নিশ্চিত করতে তৎপর হয়ে ওঠেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা। এরমধ্যে নৌকা প্রত্যাশিরা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় পযার্য়ে চলছে তদবির এবং জোর লবিং। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন প্রার্থী বাছাই সভায় তৃণমূলে করতে পারেনি। তবে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রেজুলেশনের মাধ্যমে পাঁচ প্রার্থী জীবনবৃত্তান্ত প্রদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বলেন, নেতৃমূল থেকে প্রস্তাবিত সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা আমরা জেলা কমিটির নিকট হস্তান্তর করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং আর প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালী চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসান।
- প্রাথমিকের চাকরিতে ৬০ শতাংশ নারী নেওয়ার চিন্তা করা হচ্ছে-পরিকল্পনামন্ত্রী
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির গণঅনশন


