‘সম্মেলনে বিএনপিকেও দাওয়াত দেওয়া হচ্ছে’

সু.খবর ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বিদেশিদের মন জয় করতে চায়, বিদেশিদের কাছে ধরনা দেয়- তাদের ঠিকানা দেশের মানুষের কাছে হবে না। তাদের ঠিকানা বিদেশেই হবে। রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অর্ভ্যথনা, স্বেচ্ছাসেবক-শৃঙ্খলা, মঞ্চ ও সাজ-সজ্জা এবং খাদ্য উপ-পরিষদের যৌথসভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
দলের জাতীয় সম্মেলনে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্মেলনে ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। বিএনপিকেও দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা চাই, তারা আসুক। এসে আমাদের বিজয়ের কথা এবং তাদের চক্রান্তের কথা নিজেরাই শুনুক।
সম্মেলনে ১৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অধিকাংশ দেশই এই আমন্ত্রণে সাড়া দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নাসিম বলেন, এটি হচ্ছে বিজয়ী বাঙালি জাতি ও আওয়ামী লীগের সম্মেললন। আমরা বিশ্বাস করি, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন বার্তা নেতাকর্মী ও জনগণের কাছে যাবে। আগামী নির্বাচনের আগে সম্মেলনের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করবো, দলকেও সেভাবেই সাজাব। তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, যুগ যুগ ধরে তিনিই নেতৃত্বে দেবেন। এটিই আমাদের প্রত্যাশা। দেশের মানুষের ভালবাসা ও দোয়া এবং দল ও সরকারের সফলতা নিয়েই আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয়ী হতে চায়।
চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই বিদেশি অতিথিকে এদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মান দিয়েছেন। কিন্তু গায়ে পড়ে বৈঠকের সুযোগ নিয়ে খালেদা জিয়া তার কাছে গিয়ে গীবত করে এলেন। এটি দুঃখজনক ও দুভার্গ্যজনক। তারা বিদেশিদের কাছে দেশের সুনাম ও ঐতিহ্য নষ্ট করতে চায়। এটাই হচ্ছে খালেদা জিয়ার চরিত্র।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের প্রসঙ্গে নাসিম বলেন, যারা একদিন মিথ্যা অজুহাতে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল তারা এখন আসছে বাংলাদেশের দারিদ্র্যজয় দেখার জন্য, শেখ হাসিনার বিজয় দেখার জন্য।
দলের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি প্রায় সম্পন্ন জানিয়ে নাসিম জানান, সম্মেলনস্থলে আমন্ত্রিত অতিথিদের নির্দিষ্ট রঙের চেয়ারে বসার ব্যবস্থা করা হয়েছে। যাতে চেয়ার নিয়ে কাড়াকাড়ি না হয়।
অর্ভ্যথনা উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি,  আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল মতিন খসরু, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, এ কে এম এনামুল হক শামীম, নূরুল মজিদ হুমায়ুন, মোলা মোহাম্মদ আবু কাওছার, ড. আওলাদ হোসেন, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন প্রমুখ।