সময়ের সাহসি সন্তান মনোয়ার বখত নেক

বজলুল মজিদ চৌধুরী খসরু
সময় কারো জন্য অপেক্ষা করে না। এটাই সত্য। আজ থেকে ১৮ বছর আগে নেক আমাদের ছেড়ে চলে যায় । সেটা ছিল ১৯৯৮ সালের ১ ডিসেম্বর।
নেকের সাথে স্মৃতির শেষ নেই। আজ যখন নেক নেই তখন স্মৃতির পর্দায় এসে ভীড় জমাচ্ছে সেই সব রাশি রাশি স্মৃতি। কোনটা রেখে কোনটা লিখি। নেকের মৃত্যু দিবস ১ ডিসেম্বর।  
নেক আমার সমবয়সি। দুর্দান্ত সাহসী বালকটির জন্ম ১৯৫০ সালের ১ জানুয়ারী শহরের আরপিননগরে। বাল্যকাল থেকেই আমাদের ষোলঘরের সাথে তার একটা যোগাযোগ ছিল। প্রায়ই আসত আমাদের পাড়ায়। আমরা ছোটকাল থেকে পথ  হেঁটেছি দীর্ঘদিন একসাথে। বলতে গেলে আমাদের বয়ঃপ্রাপ্তির পর থেকেই পথ চলা। কোনদিন সেটার ছেদ পড়েনি। চিন্তা চেতনায় নেক প্রগতিতশীল, রাজনীতি সচেতন এবং অসাম্প্রদায়িক ছিল। কিন্তু সক্রিয় রাজনীতিতে জড়িত ছিল না। দুর্দিনে-দুঃসময়ে মানুষের পাশে থেকে কাজ করতে সে আনন্দ পেত। এক্ষেত্রে নিজেকে নিঃশেষ করে দিতেও কুন্ঠাবোধ করত না। কিন্তু ভোটের রাজনীতিতে তার ছিল অনিহা। নিজে রাজা না হয়ে রাজা তৈরী করতে মজা পেত বেশী। যেটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া। তার পিতা মরহুম হোসেন বখ্ত ছিলেন একই প্রকৃতির। বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্টজন হিসাবে সুনামগঞ্জের মানুষ তাঁকেই জানে। তিনি কোনদিন রাজা হন নাই, রাজা তৈরির কারিগর ছিলেন। ভোটের রাজনীতিতে আসার জন্য আমরা যারা নেককে আগ্রহী করেছিলাম। আমার মনে আছে হিটলারের একটা আত্মজীবনী তাকে পড়তে দিয়েছিলাম। বইটি সে রেখে দিয়েছিল। হিটলার আয়নার সামনে বক্তৃতা দিতে দিতে একসময় তুখোর  বক্তাতে পরিণত হয়েছিলেন। তার কথায় জার্মান পুরুষরা সবকিছু ভুলে রাস্তায় রাত কাটাত। বইটি সে পুরাপুরি পড়েছিল কিনা জানি না, তবে নেক আস্তে আস্তে রাজনীতিতে আগ্রহী হয়ে উঠে। তার মূল এলাকা শহরের আরপিননগর হলেও প্রথম নির্বাচন তার আমাদের এলাকায় (ষোলঘর-হাসননগর)। পৌর পরিষদে কমিশনার পদে বিপুল ভোটে সে নির্বাচিত হয়েছিল। পৌরসভার  চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার জন্য ইস্তফা দিয়েছেন। পৌর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে। পৌর চেয়ারম্যান পদে উপনির্বাচন করতে হলে কমিশনার পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে। নেক অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে ইস্তফা দিয়ে দিল।  উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করল নেক। সেই নির্বাচনে শুধু তেঘরিয়া সেন্টার ছাড়া শহরের সকল সেন্টারে অগ্রগামী থেকে বিপুল ভোটে সুনামগঞ্জ পৌর পরিষদে মুক্তিযোদ্ধা মনোয়ার বক্ত নেক চেয়ারম্যান নির্বাচিত হল। ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত  সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করল নেক। জনতার সাথে তার আগাগোড়া একটি সম্পর্ক ছিল। তাই জনতার সাথে আন্দোলন করতে গিয়ে এরশাদ শাসনামলে  কারারুদ্ধ হতে হল তাকে।    
জীবনের প্রতি ক্ষেত্রেই একটা ঝুঁকি নেওয়ার প্রবণতা ছিল তার মাঝে। ভোটের রাজনীতিতে যেভাবে ঝুঁকি নিয়ে কমিশনার পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ঠিক একই ভাবে ১৯৯০ সালের উপজেলা নির্বাচনে শুধুমাত্র মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে নিয়ে সারা উপজেলায় চষে বেড়ায় নেক। ফলশ্রুতিতে নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সে। সামান্য ভোটের ব্যবধানে তাকে পরাজিত করা হয়েছিল। এখনও তার পরাজয়ের বিষয়টা রহস্যাবৃত। আদৌ নেক কি পরাজিত হয়েছিল না তাকে কৌশলে পরাজিত করা হয়েছিল ?    
জীবনের অনেক সময় নেকের সাথে পথ চলেছি। অত্যাচারিত, নিপীড়িত গরীব মানুষকে কিভাবে সাহায্য করা যায় সেটা সদা সর্বদা খেয়াল করত। একসময় হাসননগরে একটা টিনের ঘর ভাড়া করে থাকত। বাসাটা ছিল রিকসা শ্রমিক, সাধারণ মানুষের আশ্রয় স্থল। কারা তার বাসায় বাজার করত, কারা রান্নাবান্না করত এটা কোনদিন বুঝা যেত না। ভাবী মারা যাওয়ায় নিঃসংগতা কাটাতে গরীব মানুষের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে ভালবাসত। টুকটাক ঠিকাদারি করে যা কিছু রোজগার করত তার সবটুকুই ব্যয় হত গরীবদের মাঝে। এটা অনেকেই জানেন না অনেক গরীব স্কুল ছাত্র ছাত্রীর স্কুলের বেতন থেকে শুরু করে পরীক্ষার ফিস প্রতিদিন তাকে দিতে হত। এতে সে আনন্দই পেত বেশী।    
প্রাতিষ্ঠানিক শিক্ষা তার তেমন ছিল না। স্কুলের গন্ডি পার হয়ে কলেজে গিয়েছিল। কিন্তু তার যে স্বউপার্জিত জ্ঞান সেটা আমাদেরকে অবাক করে দিত। যে কোন জিনিস সে বুঝে নিত অতি তাড়াতাড়ি। এটা মনে হয় আল্লাহ প্রদত্ত। কোন লোকটা কি চিন্তা করছে সেটা সে বলে দিত। স্কুলে থাকাবস্থায়ই তাকে চলে যেতে হয় পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। দুর্দান্ত সাহসী নেককে কাছে টেনে নিয়েছিলেন সুনামগঞ্জের তৎকালীন এস.ডি.ও শামসুল আলম সি.এস.পি। তিনি পশ্চিম পাকিস্তানে বদলী হয়ে গেলে সাথে নিয়ে যান নেককে। বছর দুয়েক লেখাপড়া করে সেখানে। তাছাড়া ভারতের এমন কোন শহর নাই যেখানে নেক যায়নি। আমার মনে হয় পথ চলাতে তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে।    
নেকের আরেকটা ব্যাপার খেয়াল করতাম। নিজে লেখাপড়া না করলেও এটার গুরুত্ব অনুধাবন করে কিছু শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ নেয় সে। নিজের উপার্জিত টাকা দিয়ে শহরতলীর কালিপুরে কিছু জায়গা কিনেছিল। সেখানেই তার প্রয়াত স্ত্রী মরহুমা ফরিদা বখতের নামে প্রাইমারী স্কুল করার জন্য নিজের জায়গা জমি দান করে দেয়। তার পিতা মরহুম হোসেন বখত এবং মাতা নুরজাহান বখতের নামেও প্রাইমারী স্কুল  করে দিয়েছিল। ছোটখাটো ঠিকাদারি করে সামান্য রোজগার করত আর সেখান থেকেই স্কুলের শিক্ষক শিক্ষয়ত্রীর বেতন নিজেই দিত। তার স্কুল তৈরির প্রাথমিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরেছিলাম। স্কুলটির স্বীকৃতির ব্যাপারে কয়েকবার কুমিল্লাতে গিয়েছি। তার এই কাজে  উৎসাহিত হয়ে ১৯৯৬ সালে আমার নিজ গ্রামে হাইস্কুল প্রতিষ্ঠা করি। বাহ্যিকভাবে তার কোন ধর্মীয় আবরণ  ছিল না। নিজেকে বক ধার্মিক সাজার কোন চেষ্টাও করত না। কিন্তু অনেক মাদ্রাসা পড়–য়া ছাত্রের ব্যায়ভার সে নিজের কাঁধে নিয়েছিল। তাছাড়া কালিপুরেই একটা মাদ্রাসা তৈরি করে গিয়েছিল যেটা ঐ এলাকার মানুষের জন্য আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে।
নেকের পুরা পরিবার  মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বাবা হোসের বখত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের ঊষালগ্নে সুনামগঞ্জ মহকুমা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্যতম সদস্য ছিলেন মরহুম হোসেন বখত। ভাই শাহজাহান বখত এবং নেক দুজনেই সক্রিয় মুক্তিযোদ্ধা ছিল। বাঙালির সবচাইতে সংকটজনক সময়ে তাদের পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় কুলাঙ্গার রাজাকার, শান্তি কমিটির লোকজ্ন তাদের বসতভিটা পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে ভস্মীভুত করে দেয়। স্বাধীনতার পর তাদের পুরা পরিবারকে থাকতে হয়েছে সরকারি বাসায়।   
নেকের সবচেয়ে বড় গুণ হলো সে মানুষকে আপন করে নিতে পারত। আর আপনদের মাঝে ছিল গরীব রিকসাচালক, শ্রমিক, নিপীড়িত মানুষ। ১৯৯৮ সালের ১ ডিসেম্বর নিউইয়র্কের সিটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে নেক। নেক না ফেরার দেশে চলে গেছে। আমাদের সাথে আর দেখা হবে না তার কিন্ত আমাদের মন ও মননে সে চিরদিন বেঁচে থাকবে।

লেখক: সিনিয়র আইনজীবী ও উপদেষ্টা সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর