সরকারি অফিসে জনবল সংকট এর কোন সমাধান নেই?

পরিবার পরিকল্পনা বিভাগে ৯৮১ পদের মধ্যে ৩১৩ পদ শূন্য থাকা একটি প্রতীকী উপস্থাপনা মাত্র। বরং বলতে হবে এই সরকারি অফিসটি এক অর্থে ভাগ্যবান, কারণ তাদের দুই তৃতিয়াংশ পদেই লোক আছে। এরকম বহু সরকারি অফিস রয়েছে যাদের দুই তৃতিয়াংশ পদই শূন্য। সমাজসেবা, বিআরডিবি, জনস্বাস্থ্য, কৃষি সম্প্রসারণ, স্বাস্থ্য অধিদপ্তর(সরকারি হাসপাতাল), প্রাণী সম্পদ, যুব উন্নয়ন যেদিকেই তাকান সেদিকেই দেখবেন শূন্য পদের ছড়াছড়ি। সুতরাং গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩১৩ টি পদ শূন্য থাকার কারণে তাদের সেবা কার্যক্রম বিঘিœত হওয়ার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে অবাক হওয়ার কিছু নেই। বরং প্রকাশিত রিপোর্টটি জেলার সরকারি সেবাখাতের এক নির্জলা চিত্র মাত্র। বিভিন্ন সূচকে নাকি জেলা সুনামগঞ্জের অবস্থান একেবার তলানীতে। উন্নয়ন সূচকগুলো উপরের দিকে তোলার জন্য যারা মাঠ পর্যায়ে কাজ করেন সেইসব সরকারি অফিসের দুই তৃতিয়াংশ পদ খালি থাকলে এই উন্নয়নসূচকের নি¤œগামিতা রোধ করার সাধ্য কার? প্রশ্নটি আমরা কার কাছে করলাম জানি না, কারণ একই প্রশ্ন করে আসা হচ্ছে যুগের পর যুগ যাবৎ। এই জেলা থেকে বহু স্বনামধন্য ব্যক্তি মন্ত্রী, উচ্চপদস্থ আমলা হয়েছেন। সরকারের পছন্দের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিও জেলায় কম নেই। কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন তাদের খুব কম সংখ্যকই। বলা হয়ে থাকে, সুনামগঞ্জের ছেলে-মেয়েদের চাকুরি কম হয়। বাইরের জেলার যারা উপায়ন্তর না পেয়ে পদায়ন নিয়ে এই জেলায় আসেন তারা ফন্দিফিকির করে কয়েক দিনের বা মাসের মধ্যেই সুবিধাজনক জায়গায় চলে যান। এই জায়গায় সরকারের নীতি নির্ধারকদের কাছে আমাদের প্রশ্ন, উন্নয়নে পিছিয়ে থাকা জনপদকে মূল উন্নয়ন¯্রােতে নিয়ে আসতে কিছু অগ্রাধিকারভিত্তিক সুবিধা দিতে হয়, সুনামগঞ্জে অগ্রাধিকার দূরে থাকুক, নিতান্ত প্রাপ্যটুকু থেকেও কেন বঞ্চিত করা হচ্ছে? লোক যখন নিয়োগ করা হয় তখন কি সুনামগঞ্জের শূন্য পদগুলো হিসাবে থাকে না? হিসাবে থাকলে ওই লোকগুলো কীভাবে অন্যত্র যেতে পারে। চাকুরির মৌলিক শর্ত অনুসারে তো প্রজাতন্ত্রের কর্মচারীদের বাংলাদেশ নামক রাষ্ট্রের ভৌগোলিক সীমানার যেকোন জায়গায় চাকুরি করতে বাধ্য থাকার কথা।
সরকারের বদলি বিষয়ক সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ওই নীতিমালায় চাকুরিজীবীদের চাকুরি জীবনের একটি মেয়াদ হাওর ও পাহাড়ি এলাকায় চাকুরি করতে হয়। অন্যদিকে দুই বছরের নীচে কাউকে বিশেষ কারণ ছাড়া অন্যত্র বদলি করা যায় না। তিন বছর পর পর সরকারি কর্মচারীদের বদলী বাধ্যতামূলক।  এই তিনটি নীতিমালা প্রতিপালন করলে সুনামগঞ্জের সরকারি পদের ৮০ ভাগই পূর্ণ থাকার কথা । কিন্তু ছোট্ট বাংলাদেশে সকলেই ভীষণ রকমের ক্ষমতাবান। তারা এইসব নীতি নিয়মের থোরাই তোয়াক্কা করেন। দেখা যায় কোন এক চিকিৎসক বদলী হওয়ার মাস খানেকের মধ্যে অন্যত্র বদলি হয়ে যেতে পারেন, আরও অনেকে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে প্রজাতন্ত্রের চাকুরি টিকিয়ে রাখতে পারেন। ফলে বিধি বিধান বইয়ের পাতা ছেড়ে হাওর পর্যন্ত এসে পৌঁছতে পারে না। এরকম অবস্থায় পরিবার পরিকল্পনা বিভাগসহ সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট চরমে থাকবে। এই আমাদের ভবিতব্য। পত্রিকার রিপোর্ট পত্রিকার পাতায়ই হা-পিত্যেশ করে মরবে। সমাধানের কোন উদ্যোগ কেউ নিবেন না। এভাবেই চলবে, চলতেই থাকবে। তাই নয় কি?