সরকারি কর্মকর্তার বাসা থেকে রিলিফের চাল উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলা সদরের কলেজ রোডের সরকারি কোয়ার্টার থেকে ২৫ বস্তা রিলিফের চাল উদ্ধার হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা ভেটেনারী সার্জন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজারকে দিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিআরডিবিও। বিভাগীয়ভাবে বিআরডিবির উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন তারা। রবিবার সকালে জামালগঞ্জ পজীপ ভবনে জেলা বিআরডিবি কর্মকর্তা শামসুল ইসলাম তদন্ত করেন। এর পর পরই দুপুরের   
দিকে সিলেট বিভাগীয় আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস ঘটনা তদন্তে জামালগঞ্জ আসেন।
জানা যায়, বিআরডিবির উর্ধতন কর্তৃপক্ষ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর, স্থানীয় সরকারের প্রতিনিধি, জামালগঞ্জের বিভিন্ন মানুষ সহ প্রশাসনের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন। তদন্ত প্রতিবেদন কয়েকদিনের মধ্যে দেওয়া হবে বলে জানা যায়।  
এবিষয়ে জামালগঞ্জ বিআরডিবি পজীপের কর্মকর্তা আ: সালাম জানান,স্যাররা আমাকে অনেক বকাবকি করেছেন, ইউএনও স্যারের কাছে মাফ চাইতে বলেছেন। আমাকে কোন শান্তনা দেননি, শুধু ধমক আর ধমক দিয়েছে ভাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘সরকারী চাল উদ্ধারের পর পরই ৩ জন কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিঠি গঠন করা হয়েছে, তারা আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদস্ত প্রতিবেদন জমা দিবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা  গ্রহণ করা হবে।
পজীপের সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক সুকুমার চন্দ্র দাস বলেন, ‘এই বিষয়টি আমাদের সদর কার্যালয় অবগত আছেন। সার্বিক অবস্থার খোঁজ খবর নিতে জামালগঞ্জ গিয়েছিলাম। স্থানীয় উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য জামালগঞ্জে সরকারি রিলিফের ২৫ বস্তা চাল উপজেলা বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প (পজিপ) কর্মকর্তা আব্দুস সালামের ‘রাঙ্গিয়া’ ভবনের ২য় তলার কক্ষ থেকে শনিবার দুপুরে উদ্ধার করা হয়।