স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সিলেট বিভাগীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার সিলেটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলা ও বিভাগীয় দল অংশগ্রহণ করে। মোট ৩৮টি ইভেন্টের মধ্যে সুনামগঞ্জ জেলা ১৮টি তে ১ম, ১১টি তে ২য় ও ৭টি তে ৩য় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। এ সময় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ সিলেট বিভাগের তিন জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।


