সরকারি গাছ কাটা নিয়ে সংঘর্ষের মামলায় দুই আসামির জামিন

স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার পালপুরে সড়কের পাশের সরকারি গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি সোমবার জামিন পেয়েছেন। এরা হলেন পালপুর গ্রামের শাহ আলম ও হোসেন। তারা পালপুর গ্রামের আবুল হোসেনের দায়ের করা মামলার আসামি ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ছাতক উপজেলার জালালপুর-দোলারবাজার সড়কের পালপুর গ্রামের পাশের সরকারি জমির নয়টি       গাছ কিছু লোকজন কেটে নিয়ে যায়। এই গাছ কাটায় গ্রামের কিছু লোক বাধা দেয় এবং বিষয়টি এলজিইডিকে জানায়। পরে ছাতক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার ছাতক থানায় পালপুর গ্রামের আতিকুর রহমান ও আব্দুল মজিদ নামের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। গাছ কাটা ও বাধা দেওয়ার ঘটনার জের ধরে গত ১৯ নভেম্বর গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে থানায় গ্রামের আবুল হোসেন বাদী হয়ে ২৯জনকে এবং শাহ আলম বাদী হয়ে ৫৫জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ আবুল হোসেনের দায়ের করা মামলার ২০ নভেম্বর আব্দুল জব্বার মোশাহিদ ও হোসেনকে এবং ২৭ নভেম্বর শাহ আলমকে গ্রেপ্তার করে। সোমবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ছাতক জোন) থেকে জামিন পেয়েছেন শাহ আলম ও হোসেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ুন মনজুর চৌধুরী।