সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এক বছরেও শুরু হয়নি অটোমেকানিক্যাল কোর্স

শহীদনূর আহমেদ
কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ড্রাইভিং কাম অটো মেকানিক্যাল বিষয়ে একটি অতিরিক্ত কোর্স চালু হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে গত এক বছরেও চালু হয়নি কোর্সটি। তবে আর্থিক সীমাবদ্ধতা, দক্ষ প্রশিক্ষকের অভাব, অচল গাড়ী, প্রশিক্ষণের জায়গার অপ্রতুলতা, প্রশিক্ষণের ফি প্রদানে প্রশিক্ষণার্থীদের অপারগতা, প্রশিক্ষণার্থীর সংখ্যার ঘাটতিসহ নানা কারণে ড্রাইভিং কাম অটোমেকানিক্যাল কোর্স চালু করা যায়নি বলে দাবি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃপক্ষের।
জানা যায়, দেশের অর্ধ শিক্ষিত, শিক্ষিত বেকার যুবকদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশব্যাপি ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। যার মধ্যে ড্রাইভিং কাম অটোমেকানিক্যাল কোর্স অন্যতম।
ড্রাইভিং কোর্স এর প্রশিক্ষণের সুবিধার্থে জেলা শিক্ষা অফিসারদের ৩১টি পুরাতন গাড়ী করিগরি শিক্ষা বোর্ডকে প্রদান করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে    জেলা শিক্ষা অফিসারের ২৬ বছরের পুরাতন গাড়ীটি হস্তান্তর করা হয়। অনেক দিনের পুরানো হওয়ায় গাড়ীটি প্রায় অচল। অচল গাড়ি দিয়ে প্রশিক্ষণ কাজ চালানোটা আষাঢ়ের গল্পের মত। ড্রাইভিং প্রশিক্ষণ পরিচালনার জন্যে প্রতিষ্ঠানে নেই কোন  দক্ষ জনবল। বাইরের দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করতে যে ব্যয় প্রয়োজন তার পুরোটাই বহন করতে হচ্ছে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক প্রশিক্ষাণার্থীদের। মোটা অঙ্কের প্রশিক্ষণ ফি প্রদানে অপারগ প্রশিক্ষণ নিতে আসা বেকার যুবকরা। ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানে খোলা স্থানের প্রয়োজন হলেও এমন কোন স্থান নেই প্রতিষ্ঠানের। প্রশিক্ষণ কোর্স চালু করতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থীর বাধ্যবাধকতা থাকলেও মাসে ২ হাজার টাকা ফি প্রদানে অনাগ্রহতায় পুরণ হচ্ছে না ন্যূনতম সংখ্যা। এসব নানা প্রতিবন্ধকতার কারণে চালু হচ্ছে না সরকারে যুগপযোগি এই উদ্যোগটি।
দক্ষ প্রশিক্ষক নিয়োগ, প্রশিক্ষণের গাড়ীটির কার্যকারিতা সচল করা, প্রশিক্ষণ ফ্রি হ্রাস করাসহ কারিগরী শিক্ষা বোর্ডের আর্থিক সহযোগিতায় ড্রাইভিং কাম অটোমেকানিক্যাল কোর্সটি চালু করা সম্ভব বলে জানিয়েছেন প্রশিক্ষণার্থী ও কর্র্তৃপক্ষ।
ড্রাইভিং প্রশিক্ষণ নিতে ইচ্ছুক সেজুল আহমদ নামের এক বেকার যুবক বলেন,‘দীর্ঘদিন যাবৎ শুনছি টেকনিক্যাল স্কুল ও কলেজে ড্রাইভিং কোর্স চালু হবে। কিন্তু কর্তৃপক্ষ বলছেন নানা কারণে প্রশিক্ষণ চালু হচ্ছে না। প্রশিক্ষণ ফি অনেক বেশি, আমরা এমনিতে বেকার এত টাকা কোথা থেকে পাব।’
সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার বলেন,‘ আমরা বোর্ডের নির্দেশনা পেয়েছি বছর খানেক হবে। প্রশিক্ষণ পরিচালনা করতে জেলা শিক্ষা অফিসারের একটি পুরাতন অচল গাড়ীও পেয়েছি। কিন্তু প্রশিক্ষণ পরিচালনা করতে আমাদের প্রতিষ্ঠানে দক্ষ জনবল নেই। বোর্ড কর্তৃপক্ষ কোর্স পরিচালনা ব্যয় নির্বাহ করছেন না। তাই কোর্স চালু করতে বিপাকে আছি আমরা। তবে আমরা আন্তরিক আছি সমস্যাগুলোর সমাধান হলেই আমরা অচিরেই কোর্সটি চালু করতে পারব।’