বিশেষ প্রতিনিধি
সরকারি ডিগ্রি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন সুনামগঞ্জের বেসরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। বেসরকারি ডিগ্রি কলেজগুলোর অধ্যক্ষ এবং শিক্ষাবিদরা বলেছেন,‘কেবল সরকারি ডিগ্রি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বেসরকারি ডিগ্রি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলে কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি হবে’।
একাধিক বেসরকারি কলেজের অধ্যক্ষরা জানান, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় দেখেছেন দেশের ২৮১ টি সরকারি কলেজকে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেবার কাজ শুরু হয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের পরিবর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে।
সুনামগঞ্জের সরকারি কলেজগুলোর অধ্যক্ষরা জানান, দেশের ২৮১ টি সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হলে সিলেট বিভাগের ১৪ টি কলেজ শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে পারে। এই ক্ষেত্রে সুনামগঞ্জের দুটি কলেজ, হবিগঞ্জের ৩ টি কলেজ, মৌলভীবাজারের ৩ টি কলেজ এবং সিলেটের ৬ টি কলেজ শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ডিগ্রি কলেজ, বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ এবং ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ ও ধর্মপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজসহ
৪ জেলার পুরোনো অসংখ্য ডিগ্রি কলেজ, এমনকি যেগুলো সম্প্রতি সরকারি করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোও রয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই।
ঐ কলেজগুলোর অধ্যক্ষ এবং শিক্ষাবিদরা মনে করছেন এভাবে সরকারি কলেজগুলোকে পৃথক করা হলে কলেজ পর্যায়ে শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে।
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে বলেন,‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোড কমানোর জন্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই এটি হচ্ছে বলে জানি আমরা। সরকারের সিদ্ধান্ত আমাদের মানতে হবে। ২৮১ টি কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলে আমার ধারণা সিলেট বিভাগের সিলেটে ৬ টি, সুনামগঞ্জে ২ টি, হবিগঞ্জের ৩ টি এবং মৌলভীবাজারের ৩ টি কলেজ নিকটবর্তী শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে’।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছত্তার বলেন,‘অনেক দিন ধরেই এভাবে করা হবে শুনে আসছি। কীভাবে করা হবে, কোন কোন কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে এখনো জানানো হয়নি’।
জেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী বলেন,‘সবগুলো ডিগ্রি কলেজই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে গেলে ভাল হয়। বিশেষ করে সম্প্রতি উপজেলা পর্যায়ের যেসব কলেজকে সরকারি করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে নিকটবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা জরুরি। না হয় শিক্ষার মানের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হতে পারে’।
বিশ্বম্ভরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায় বলেন,‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু হয়রানি, পেরেশানি রয়েছে। সামান্য কাজেও গাজীপুর যেতে হয়। ফোন করলে সমাধান হয় এমন অনেক কাজেও গাজীপুরে যেতে হয়। আমাদের কলেজকে শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে ভাল হয়। সহজে যাওয়া আসাও সম্ভব হবে’।
সুনামগঞ্জ সরকারি কলেজের অব. অধ্যক্ষ শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘কেবল সরকারি কলেজগুলোকে নিকটবর্তী পাবলিক বিশ্বদ্যিালয়ের অধিভুক্ত করা হলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সরকারি বেসরকারি সকল ডিগ্রি কলেজকে একই পর্যায়ে রাখলে ভাল হয়’।


