সরকারি নিয়ম নীতি মেনে কাজ করতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যে বেশি দুঃস্থ সে আগে সহায়তা পাবে। নিরাপদ পানি সরবরাহের জন্য আপনাদের উপজেলার বেশ কিছু টিউবয়েলের কাজ শুরু হবে ক্লাস্টার ভিত্তিক, স্যানেটারী ল্যাট্রিন বিতরণের কাজ শুরু হবে। তিনি বলেন, আপনারা সকলেই সরকারি দল থেকে নির্বাচিত হননি। আপনার কাছে যখন কাজটি যাবে সেটি কিন্তু সরকারি কাজ। সরকারি নিয়ম নীতি মেনে আপনাকে কাজ করতে হবে। সকল কার্যক্রমে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ট্যাক্স আদায় বাড়াতে হবে, ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।
তিনি বলেন, আজ পর্যন্ত তাহিরপুর উপজেলায় ৬০% ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এই উপজেলয় ভ্যাকসিন প্রদানে পিছিয়ে আছে। একজন মানুষও ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে না। ১২ বছরের উর্ধ্বে সকলকে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন গ্রহণের জন্য নিয়ে আসতে হবে। আগামী শনিবারের মধ্যে ৭০% টিকা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার—উল—হালিম, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে মো. আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আলী আহমদ মুরাদ, বড়দল উত্তর ইউনিয়নে মো. মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. ইউনুছ আলী, বাদাঘাট ইউনিয়নে মো. নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নে জুনাব আলী ও বালিজুরি ইউনিয়নে আজাদ হোসেন উপস্থিত ছিলেন।