সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সুপারিশ

সু.খবর ডেস্ক
জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করে ডেপুটেশনে বদলি বন্ধের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে রবিবার কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, আলহাজ্ব অ্যাড. মো. রহমত আলী, মো. আ. কুদ্দুস, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় অংশগ্রহণ করেন। সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অনুকূলে দেয়া প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়। এছাড়াও দক্ষিণ এশীয় স্পিকারদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে দেশে তামাকের ব্যবহার নির্মূল করার বিষয়ে প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ৭ হাজার ৩৬৭ কোটি টাকা ব্যয়ে মোট ৪৫ টি প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ১ হাজার ৬১৯ কোটি টাকা ব্যয়ে ১৫ টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে।
সভায় বলা হয়, দেশের সরকারী হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ডাক্তারের পদ থাকলেও মফস্বলে পদের বিপরীতে যথেষ্ট লোকবল নেই। এছাড়া হাসপাতালগুলোর পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশ মানসম্মত নয় বলে জনগণ তাদের কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। তাই সরকারী হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এবং সার্বিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি করে হাসপাতালে সেবার মান নিশ্চিত করার সুপারিশ করা হয় বৈঠকে। সরকারী হাসপাতালে ডাক্তার পদায়নের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং পদায়নকৃত ডাক্তার যাতে নির্দিষ্ট সময়ের পূর্বে ডেপুটেশনে বদলি হতে না পারে তার ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়।
তামাকজাত পণ্য থেকে সরকার ১ শতাংশ হারে যে সারচার্জ পেয়ে থাকে তা হাসপাতালগুলোর সেবার মানোন্নয়নে এবং তামাক চাষের পরিবর্তে কৃষক যাতে শবজি চাষে উদ্বুদ্ধ হয় সেজন্য প্রণোদনা দেয়ার পরামর্শ দেয়া হয়।
সভায় কমিউনিটি ক্লিনিকে ঔষধ সরবরাহ ও বিতরণে মনিটরিং ব্যবস্থা জোরদার করে সার্বক্ষণিক ঔষধপ্রাপ্তি নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।