সরকারের জমি অধিগ্রহণের ক্ষতি পূরণের মূল্যবৃদ্ধির

সিদ্ধান্তকে স্বাগত জানাই
সরকার জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেড়গুণ থেকে বাড়িয়ে ৩ গুণ করে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৬-এর’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি ভূমি সংক্রান্ত ও জটিল এ জন্য এটাকে আরো বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। ভূমি সচিব, প্রতিরক্ষা সচিব হবেন এ কমিটির সদস্য, কমিটি মনে করলে আরো সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। কমিটি ভেটিংসহ (আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষা) আইনটি চূড়ান্ত করবে।
খসড়া আইনে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ‘পাবলিক পারপাস’ ও ‘পাবলিক ইন্টারেস্ট’ বলে দুটি শব্দ আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুটি শব্দ সত্যিকার অর্থে কি বোঝায় এটা ব্যাপক বিশ্লেষণ করে যেন আইনে সন্নিবেশ করা হয় এ জন্য কমিটিকে বলা হয়েছে। আইনে যা আছে তা দিয়ে শব্দ দুটির অর্থ বিস্তারিতভাবে বোঝা যাচ্ছে না। হাইকোর্টের কিছু অবজারভেশনও আছে, সেগুলোর আলোকে এটিকে (অধিগ্রহণ আইন) রিফ্লেক্ট (প্রতিফলন) করা। এ আইনটি হলে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে জানিয়ে শফিউল আলম বলেন, জমির ক্ষতিপূরণ দেড়গুণের মধ্যে আছে, সেটা হবে ৩ গুণ। অধিগ্রহণ করা জমির মূল দাম যদি এক কোটি টাকা হয়, (নতুন আইন অনুযায়ী) এর সাথে আরো ২০০ ভাগ যুক্ত হয়ে ৩ কোটি টাকা (ক্ষতিপূরণ পাবে মালিক) হবে। অর্থাৎ মূল মূল্যের ৩ গুণ। মূল দাম কিভাবে নির্ধারিত হবেÑএকজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ ক্ষেত্রে প্রচলিত আইন হলো বিগত বছরের ১২ মাসের জমি (একই মৌজায় একই শ্রেণির জমি) কেনাবেচার দলিলের (বিক্রিত জমির দামের) অ্যাভারেজ (গড়)। জমি অধিগ্রহণের বর্তমান অধ্যাদেশটি ১৯৮২ সালের জানিয়ে শফিউল আলম বলেন, সেটাকেই মোটামুটি বাংলায় নিয়ে আসা হয়েছে। এখন আইনের একটা বড় সমস্যা হলো ক্ষতিপূরণ কম। এ ছাড়া এটা মার্শাল ল’ আমলের আইন। কোর্টের আদেশ আছে মার্শাল ল’ আমলের আইনকে বাংলায় অনুবাদ করে নতুনভাবে করতে হবে। এ জন্য নতুন আইনটি আনা হয়েছে।
রাজতন্ত্রের সময় জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজা বাদশারা কোন ক্ষতিপূরণ দিতেন না। বৃটিশ আমলে এবং পাকিস্তানি আমলে নামমাত্র মূল্য জনগণের সম্পত্তি নিয়ে নেয়া হত। এর ফলে অনেক সম্পদশালী পরিবার রাতারাতি গরিব হয়ে পড়ত। যা হোক স্বাধীনতার ৪৫ বছর পর দেশের সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনা হচ্ছে। সরকার অধিগ্রহণের ক্ষতি পূরণের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। এতে জনগণই লাভবান হবে।