সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে- পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা জীবন দিয়ে এদেশ স্বাধীন করে গেছেন- সেই বীর শহিদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের রেখে যাওয়া বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এ দেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।
রবিবার সকাল ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু লোক আছে যারা বাংলাদেশে বসবাস করে, এদেশে খায় আবার বদনাম করে, তাদের প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না। রাজাকারদের দিন শেষ, তাদেরকে মানুষ ঘৃণা করে।
মন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে যার যা কাজ করতে হবে। কাজের বিকল্প নেই। দেশের শ্রমিক ভাইদের শ্রদ্ধা জানাই, তাদের শ্রম ঘামে এগিয়ে যাচ্ছে দেশ। সকল রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান করতে হবে। তারা দেশের উন্নতিতে অনেক অবদান রাখছেন। সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই আমরা।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দীন শরিফী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।
এর আগে সকাল ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পরে একে একে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ প্রেসক্লাব, এনজিও বীজ, জাগরণী চক্র ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।