সরকার ফ্যাসিবাদী আচরণ করছে

স্টাফ রিপোর্টার
পুলিশের বাধায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি করা যায়নি বলে দাবি করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। শনিবার দুপুরে জেলা শহরে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতৃবৃন্দ এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপি বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম চলছে। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরে আনুষ্ঠানিক এবং শান্তিপূর্ণভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এই ধারাবাহিকতায় শনিবার বিশ^ম্ভরপুর উপজেলায় সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিকতা ছিল। কিন্তু পুলিশের বাধায় স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। এই কর্মসূচি’র বিষয়টি মৌখিক ও লিখিতভাবে প্রশাসনকে জানানোর পরও পুলিশ কর্মসূচি করতে দেয়নি ।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবারের কর্মসূচি সফলের জন্য ৪৫ টি কর্মী সভা করা হয়েছিল।  
অনুষ্ঠানে যোগ দেবার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জে এসে পৌঁছেন, কিন্তু পুলিশ অনুষ্ঠান করতে দেয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, রেজাউল হক, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরেনুর আলী, আবুল কালাম, আনিসুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার আবিদুল হক, তাহিরপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, বিশ^ম্ভরপুর উপজেলার বিএনপির নেতা হারুনুর রশিদ, সৈয়দ রমিজ উদ্দিন, নুরুল ইসলাম, শফিক মিয়া, আব্দুস ছাত্তার, নজরুল ইসলাম, দিলনুর আহমদ, আশিকুর রহমান আশিক প্রমুখ।