সরকার শিক্ষাকে বৃত্তিমূলক ও বৈষম্যহীন করেছে -বকুল

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, ‘শিক্ষাকে শতভাগে উন্নীত করতে সরকার শিক্ষা ক্ষেত্রে বৈচিত্র এনেছে। সর্বস্তরের শিশুদের বিদ্যালয়মুখী করতে সরকার শিক্ষাকে বৃত্তিমুলক ও বৈষম্যহীন করেছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই।’
তিনি বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে-ঘরে  
 বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। শহরের মতো গ্রামে বসবাসরত শিক্ষার্থীরাও এখন বিদ্যুতের আলোয় লেখাপড়া করতে পারছে। বিদ্যুতের সহায়তায় গ্রামে-গঞ্জেও শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজ শিক্ষা। জ্ঞান ভিত্তিক তথ্য-প্রযুক্তিগত শিক্ষায় উচ্চ শিক্ষিতরাই ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব নেবে।’
বুধবার বিকেলে ছাতকের কালারুকা ইউনিয়নের মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর করার লক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও কামরুজ্জামান কামরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খয়ের, মুক্তিযুদ্ধা মাস্টার আব্দুল আহাদ, ইউপি সদস্য ছালেহ আহমদ, ফজলু মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল হক, ব্যবসায়ী লায়েক মিয়া প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাধবপুর গ্রামের সড়ক সম্প্রসারণ ও জামে মসজিদের পুকুর ভরাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।